৬৪ জেলায় পৌঁছে গেছে গ্রামীণফোনের থ্রিজি সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) গ্রামীণফোনের সিটিও তানভীর মোহাম্মদ এবং সিইও বিবেক সুদ
সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) গ্রামীণফোনের সিটিও তানভীর মোহাম্মদ এবং সিইও বিবেক সুদ

দেশের ৬৪টি জেলা শহরে থ্রিজি ইন্টারনেট নেটওয়ার্ক পৌঁছে গেছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।
রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ বলেন, টেলিনর গ্রুপ অন্য দেশগুলোর মধ্যে বাংলাদেশেই সবচেয়ে কম সময়ে দ্রুতগতির তৃতীয় প্রজন্মের থ্রিজি নেটওয়ার্ক পৌঁছে দিয়েছে।
গ্রামীণফোন গত বছর সেপ্টেম্বর মাসে এক প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে থ্রিজি লাইসেন্স পায়। আর অক্টোবর মাসে প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করে। ৩১ ডিসেম্বর ২০১৩ নাগাদ সাতটি বিভাগীয় শহরসহ বেশকিছু জনবহুল শহর থ্রিজির আওতায় নিয়ে আসে গ্রামীণফোন। আর ছয় মাসের মধ্যেই সব জেলা শহরে থ্রিজি চালু হয়েছে।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা তানভীর মোহাম্মদ বলেন, গ্রাহকদের মধ্যে প্রায় ৪০ শতাংশ এখন থ্রিজি নেটওয়ার্কের আওতায় আছেন। আর বিদ্যমান থ্রিজি সক্ষম ডিভাইসের ৮৫ শতাংশ থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান করপোরেট কর্মকর্তা মাহমুদ হোসেন এবং করপোরেট যোগাযোগপ্রধান সৈয়দ তাহমিদ আজিজুল হক।