স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) বাংলাদেশ সম্প্রতি এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেডের জন্য ৬৫ কোটি টাকার জিরো কুপন বন্ডের ব্যবস্থা করেছে।
বন্ডটির মাধ্যমে বাংলাদেশের এসিআই লিমিটেড ও ভারতের গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেডের এই যৌথ ব্যবসাপ্রতিষ্ঠানটি তাদের মূলধনি ব্যয়ের সংস্থান ও বিদ্যমান ঋণ পরিশোধ করতে পারবে।
এসসিবি বাংলাদেশের ব্যবস্থাপনায় এটি চতুর্থ জিরো কুপন বন্ড। দেশের চারটি করপোরেট হাউসের মাধ্যমে এই জিরো কুপন বন্ডের সম্পূর্ণ অর্থের জোগানো হচ্ছে, যা এসিআই গোদরেজ অ্যাগ্রোভেটের শক্তিশালী ব্যবসায়িক ভিত্তি ও সুনাম গড়তে সহায়ক হবে।
এ উপলক্ষে ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এসিআই গোদরেজ অ্যাগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ধ্রুব জ্যোতি ব্যানার্জি এবং এসসিবি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার উপস্থিত ছিলেন।
এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট পোলট্রি (হাঁস-মুরগি), মাছ ও গবাদিপশুর খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ২০০৪ সালে কার্যক্রম শুরু করে। বর্তমানে এ খাতে প্রতিষ্ঠানটির মার্কেট শেয়ার বা বাজার হিস্যা প্রায় ৯ শতাংশ।
অনুষ্ঠানে আবরার এ আনোয়ার বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সব সময় বাংলাদেশে নতুন নতুন সেবার সূচনা করতে আগ্রহী। আমি বিনিয়োগকারী ও নীতিনির্ধারকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিতে চাই। কারণ তাঁদের সহযোগিতা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ঋণের বাজার তৈরিতে সহায়তা করেছে।’
এ দেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দেশি ও বিদেশি মুদ্রায় মোট ৬৫০ কোটি মার্কিন ডলারের বেশি (স্থানীয় মুদ্রায় প্রায় ৫২ হাজার কোটি টাকা) সিন্ডিকেটেড ঋণের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।