৬৫ দিন পর সাগরে ছুটল ৩ হাজার ট্রলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার পৌরসভার নুনিয়াছটা ফিশারিঘাট। সাগরে মাছের সন্ধানে যাচ্ছে ট্রলারগুলো। আজ বিকেলে তোলা। ছবি: আব্দুল কুদ্দুস
কক্সবাজার পৌরসভার নুনিয়াছটা ফিশারিঘাট। সাগরে মাছের সন্ধানে যাচ্ছে ট্রলারগুলো। আজ বিকেলে তোলা। ছবি: আব্দুল কুদ্দুস

আজ বুধবারে ভোরে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হয়েছে। সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে চলেছে বৃষ্টি। বৈরী পরিবেশে সাগর উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। তাতে ভয় নেই জেলেদের। ট্রলার নিয়ে জেলেরা ছুটছেন গভীর সাগরের দিকে। কেনই–বা ছুটবেন না! টানা ৬৫ দিন পর আজ কক্সবাজারের লাখো জেলের জন্য উন্মুক্ত হলো বঙ্গোপসাগর।

দুই মাসের বেশি সময় মাছ ধরা বন্ধ থাকায় বেহাল অবস্থা জেলেদের।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে এবং সৈকতের ঝাউবাগানের ভেতরে শত শত রঙিন ‘ডিঙি নৌকা’। মাছ ধরা বন্ধ থাকায় নৌকাগুলো ৬৫ দিন পড়েছিল। আজ সকাল থেকে ডিঙিগুলো সাগরে নামতে শুরু করেছে। জেলায় মাছ ধরার ট্রলার আছে পাঁচ হাজারের বেশি। ট্রলারের জেলে–শ্রমিকের সংখ্যা প্রায় এক লাখ। ইতিমধ্যে রুপালি ইলিশসহ নানা প্রজাতির মাছের সন্ধানে সাগরে নেমেছে অন্তত তিন হাজার ট্রলার। দু–এক দিনের মধ্যে নামবে আরও দুই হাজার ট্রলার।

সকাল নয়টায় মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ও বড়ডেইল অংশে দেখা গেছে, দুই চাকাবিশিষ্ট ঠেলাগাড়িতে তুলে ডিঙিগুলো সাগরে নামানো হচ্ছে। নৌকায় ভর্তি আছে মাছ ধরার জাল। একেকটি নৌকায় জেলে আছেন পাঁচ-ছয়জন করে।
একটি নৌকার জেলে আবদুল হাকিম (৪৫) বললেন, ছোট আকৃতির এই ডিঙি দিয়ে সাগরের সর্বোচ্চ পাঁচ কিলোমিটার গভীরে যাওয়া যায়। সেখানে জাল ফেলে ছোট আকৃতির পোপা, ছুরি, ছিটকিরি, লইট্যা, ফাইসা, বাটা, চিংড়ি ইত্যাদি ধরা হয়। ইলিশ, লাক্ষ্যা, রুপচাঁদা, কোরালসহ বড় আকৃতির মাছ পাওয়া যায় ৫০-১০০ কিলোমিটার গভীর সাগরে। সেখানে যেতে বড় ট্রলার লাগে।

বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার পৌরসভার নুনিয়াছটা ফিশারিঘাটে গিয়ে দেখা গেছে, বাঁকখালী নদী প্রায় ফাঁকা। নদীতে নোঙরে থাকা হাজারো ট্রলার ইতিমধ্যে সাগরে নেমে পড়েছে। কয়েকটি ট্রলার বরফ-জ্বালানি নিয়ে সাগরে নামার প্রস্তুতি নিচ্ছে।
ফিশারিঘাটের পাশেই বাঁকখালী নদী। বাঁকখালী নদী থেকে ট্রলার ছেড়ে প্রথমে মহেশখালী চ্যানেল, এরপর সোনাদিয়া দ্বীপ হয়ে ট্রলার ছুটছে শত কিলোমিটার দূরে সেন্ট মার্টিন সাগরের দিকে। 
ফিশারিঘাটে কথা হয় স্থানীয় নুনিয়াছটার জেলে আবদুল গণীর সঙ্গে। বয়স তাঁর ৫৫। ৩২ বছর ধরে তিনি গভীর সাগরে মাছ ধরছেন। বঙ্গোপসাগরের পানির রং দেখলেই তিনি বুঝতে পারেন, মাছ আছে কি নেই। 
আবদুল গণী বললেন, টানা ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ ছিল। এ কারণে বঙ্গোপসাগর এখন ইলিশসহ নানা প্রজাতির মাছে ভরপুর হবে। জাল ফেললেই ধরা পড়বে ইলিশ, লাক্ষ্যা, কোরাল, পোপা, গুইজ্যাসহ নানা প্রজাতির মাছ। কিন্তু ইলিশ বিচরণ করে ঝাঁকে ঝাঁকে, দলবেঁধে। ইলিশ সমুদ্রের যেখানে বিচরণ করে, সেখানটার পানি লালচে আকার ধারণ করে। এটা যারা ধরতে পারে, তাদের জালেই আটকা পড়বে হাজার হাজার ইলিশ।

গণীর আশা, তখন তাঁদের কপাল খুলে যাবে। মাছ বিক্রির টাকায় দূর হবে জেলেপল্লির অভাব।

কক্সবাজার জেলার বৃহৎ পাইকারি মাছের বাজার নুনিয়াছটার এই ফিশারিঘাট। এটি সরকারের মৎস্য অতরণকেন্দ্রও। গভীর সমুদ্র থেকে আহরিত অধিকাংশ মাছ এ ঘাটে বেচাবিক্রি হয়। ঘাটে আনাগোনা শুরু হয়েছে মৎস্য ব্যবসায়ীদের। তাঁরা ট্রলারের জেলেদের সঙ্গে কথা বলছেন, মাছ বিক্রির অগ্রিম টাকাও গুঁজে দিচ্ছেন।

ঘাটে কথা হয় মৎস্য ব্যবসায়ী মো. জয়নাল আবেদীনের সঙ্গে। তিনি ‘কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির’ প্রতিষ্ঠাতা সভাপতি। সমিতির সদস্যসংখ্যা প্রায় দেড় হাজার।

জয়নাল আবেদীন বলেন, শুক্রবার থেকে এ ঘাটে মাছ আসতে শুরু করবে। ওই দিন যাঁরা মাছ আনবেন, তাঁরা ভালো দাম পাবেন। ৮০০ গ্রামের বেশি ওজনের ১০০টি ইলিশের দাম পাবেন ২৮ হাজার টাকা, ৭০০ গ্রামের বেশি ১০০টি ইলিশে ২৫ হাজার এবং ৬০০ গ্রামের কম ওজনের ১০০টি ইলিশে ১৬ হাজার টাকা। ইলিশে বাজার সয়লাব হলে দামও কমে যেতে পারে। এটা নির্ভর করছে ঢাকার মাছের বাজারের ওপর। সেখানে মাছের মজুত বেড়ে গেলে উপকূলে মাছের দাম কমতে শুরু করবে।

ব্যবসায়ীরা বললেন, স্থানীয় চাহিদা পূরণ করেই তাঁরা ইলিশ সরবরাহ দেবেন চট্টগ্রাম, ঢাকা, সিলেট, রংপুর, খুলনা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে।

সেন্ট মার্টিন দ্বীপ ইউপি চেয়ারম্যানের নুর আহমদ বলেন, সেখানকার শতাধিক ট্রলার দৈনিক ভিত্তিতে মাছ ধরে। সমুদ্রও তাঁদের কাছে। সকালে দ্বীপ থেকে ট্রলারগুলো ১০-১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গিয়ে জাল ফেলে বিকেল অথবা সন্ধ্যার দিকে পুনরায় মাছ নিয়ে ঘাটে ফিরে আসা সম্ভব। জেলেদের এই মাছ দ্বীপের চাহিদা পূরণ করে টেকনাফ-কক্সবাজার-চট্টগ্রাম সরবরাহ হবে। দ্বীপে মাছ কেনার বহু লোক বসে আছে।
মহেশখালীর ট্রলারমালিক সরওয়ার কামাল বলেন, বাজারে এখন মাছের চাহিদা প্রচুর। চাহিদা পূরণে জেলেরা সাগরে নেমেছে। কিন্তু ‘জলদস্যু’ নিয়ে আতঙ্কে জেলেরা। মাছ ধরে ঘাটে ফেরার সময় জেলেরা জলদস্যু বাহিনী কর্তৃক আক্রান্ত হতে পারে। জলদস্যুরা অস্ত্রের মুখে জেলেদের আহরণ করা মাছ-জাল লুট করে। ক্ষেত্রবিশেষে মুক্তিপণের জন্য ট্রলারসহ জেলেদেরও অপহরণ করে। অতীতে এর নজির ভূরিভূরি। 
জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান বলেন, গত ২০ মে থেকে ৬৫ দিনের মাছ ধরা বন্ধ ছিল। এখন কয়েক হাজার ট্রলার মাছ ধরতে নেমেছে সাগরে। জেলেরা বড় বড় ইলিশ নিয়ে ঘাটে ফেরার অপেক্ষায় উপকূলের মানুষ।

কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বললেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে ট্রলারগুলোর সমুদ্রযাত্রা শুরু হয়েছে। আজ বুধবার বিকেল পর্যন্ত সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ, টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়ার অন্তত তিন হাজার ট্রলার সাগরে নেমেছে। তাঁরা সাগরের বিভিন্ন এলাকায় ইলিশের সন্ধান করছে। অবশিষ্ট আরও দুই হাজার ট্রলার দু-এক দিনের মধ্যেই সাগরে নেমে পড়বে।