পোশাক কারখানা পরিদর্শনের পর সংস্কার কার্যক্রমের অগ্রগতি ২২ থেকে বেড়ে ৩১ শতাংশে দাঁড়িয়েছে। তবে কিছু কারখানা সংস্কার কার্যক্রমে অসহযোগিতা করছে। গত সপ্তাহে প্রকাশিত ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটির তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে এমন অভিযোগই উঠে এসেছে।
অ্যাকর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ফলোআপ পরিদর্শনে পোশাক কারখানার সংস্কার কার্যক্রম নিয়ে সন্তুষ্ট না হলে অ্যাকর্ডের প্রকৌশলীরা নন-কমপ্লায়েন্স চিঠি দিচ্ছেন। গত ৩১ মে পর্যন্ত ৩৮টি পোশাক কারখানা এ ধরনের চিঠি পেয়েছে। এ ছাড়া প্রাথমিক পরিদর্শনে শনাক্ত হওয়া ত্রুটি সংশোধনে সংশোধনমূলক কর্মপরিকল্পনা (ক্যাপ) কার্যক্রমে অসহযোগিতার অভিযোগে চিঠি দেওয়া হয়েছে ২৮টি কারখানাকে।
অ্যাকর্ড বলেছে, অসহযোগিতার অভিযোগে সব মিলিয়ে ৬৬টি কারখানাকে সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে। তারপরও কারখানার সংস্কার কার্যক্রমে অগ্রগতি না পাওয়া গেলে জোটের চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট কারখানার সঙ্গে ক্রেতাপ্রতিষ্ঠানের সম্পর্কচ্ছেদ হবে। এমনকি ওই কারখানার নাম জনসমক্ষে প্রকাশ করতে অ্যাকর্ডের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে।
জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘অ্যাকর্ডের প্রতিবেদনটি আমরা এখনো আনুষ্ঠানিকভাবে পাইনি। পাওয়ার পর আমরা বৈঠক করে করণীয় ঠিক করব।’ তিনি আরও বলেন, ‘সংস্কার কার্যক্রমে প্রথম ধাপে যে ক্যাপ দেওয়া হয় সেগুলো শেষ করার আগেই নতুন করে আবার ক্যাপ দেওয়া হচ্ছে কি না সেটি দেখতে হবে। আর এ জন্য যদি সমস্যা হয় তবে অ্যাকর্ডকে আমরা প্রথম ক্যাপ বাস্তবায়নের ওপর জোর দিতে বলব।’
অ্যাকর্ডের সদস্য কারখানার সংখ্যা ১ হাজার ৫৩১। এর মধ্যে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের (উত্তর আমেরিকার ক্রেতাদের জোট) অভিন্ন কারখানা ২৬৬। ১ হাজার ২৮৮টি কারখানা পরিদর্শন শেষ ও নতুন যুক্ত হয়েছে ১৭টি কারখানা। আর অভিন্ন কারখানাগুলো পরিদর্শন করেছে অ্যালায়েন্স।
জানা যায়, প্রাথমিক পরিদর্শনের পর কারখানাগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করতে ৯৩২টি কারখানায় ফলোআপ করেছেন অ্যাকর্ডের প্রকৌশলীরা। এর মধ্যে ৫৩৯টি কারখানার ভবনের কাঠামোগত, অগ্নি ও বৈদ্যুতিক ত্রুটি সংশোধন কার্যক্রমের অগ্রগতি জানতে পরিদর্শন করা হয়। আর ৩৯৩টি কারখানার ভবনের কাঠামোগত ত্রুটির ফলোআপ পরিদর্শন করে দ্রুত সংশোধন করতে বলা হয়েছে। বাকি ১৬৩টি কারখানায় বিশেষ পরিদর্শন করা হয়।
অ্যাকর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে পরিদর্শনের পর ত্রুটি সংস্কার করে ১ হাজার ৬২টি কারখানা সংশোধনমূলক কর্মপরিকল্পনা (ক্যাপ) জমা দিয়েছে। এর মধ্যে ৯৪৯টি কারখানার ক্যাপ অনুমোদন হয়েছে। তবে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ৯০০টি। এ ছাড়া ফলোআপ পরিদর্শনের পর ৩১৮টি ক্যাপ হালনাগাদ হয়েছে।
৯৪৯টি কারখানার ক্যাপ অনুযায়ী, এসব কারখানায় ভবনের কাঠামোগত, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা-সংক্রান্ত ৬৭ হাজার ৪৫৮টি ত্রুটি পাওয়া গেছে। এর মধ্যে গত ৩১ মে পর্যন্ত ৩ হাজার ২১৪টি ত্রুটি সংশোধিত হয়েছে। অগ্রগতি হয়েছে ৪৬ হাজার ৩২৩টি ত্রুটি সংস্কারে। আর যাচাই-বাছাই হয়নি ১৭ হাজার ৯২৩টি ত্রুটির।
জানা যায়, মোট ৬৭ হাজার ৪৫৮টি ত্রুটির মধ্যে ভবনের কাঠামোগত ত্রুটি ১৬ হাজার ৩৭২টি। এর মধ্যে অগ্রগতি হয়েছে ১৩ হাজার ৩৮০টির। আর নিরাপত্তা ত্রুটি দূর হয়েছে ৫১১টির। এ ছাড়া অগ্নি-সংক্রান্ত ২৫ হাজার ১১৮টি ত্রুটির মধ্যে অগ্রগতি আছে ১৭ হাজার ৯৯টির। আর ত্রুটি দূর হয়েছে ৬৮০টির। বৈদ্যুতিক নিরাপত্তা-সংক্রান্ত ২৫ হাজার ৯৬৮টি ত্রুটির মধ্যে সংশোধিত হয়েছে ২ হাজার ২৩টি। আর অগ্রগতি আছে ১৫ হাজার ৮৪২ ত্রুটির ক্ষেত্রে।
ইতিমধ্যে দুটি কারখানা—কনকর্ড ফ্যাশন এক্সপোর্ট লিমিটেড ও জিকন সব ধরনের ত্রুটি সংস্কার করেছে। এমন তথ্য দিয়ে অ্যাকর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে অধিকাংশ কারখানার সংস্কার কার্যক্রম শেষ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে প্রাথমিক পরিদর্শন হওয়া কারখানাগুলোর একটি বড় অংশ সব সংস্কারকাজ সম্পন্ন করার নির্ধারিত সময়সীমা থেকে এখনো অনেক দূরে আছে।’