৬৭ বছর বয়স হলে ছাড়তে হবে বিমা কোম্পানির এমডি পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছরের কাজের অভিজ্ঞতা ছাড়া কেউ বিমা কোম্পানির মুখ্য নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হতে পারবেন না। আবার ৬৭ বছর বয়স হলেই ছাড়তে হবে এমডির পদ। এই বিধান কঠোরভাবে প্রয়োগ করা হলে কর্মরত অনেক এমডি চাকরি হারাবেন। বিমা আইন ২০১০-এর আওতায় মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালায় এ শর্ত দেওয়া হয়েছে। এটিসহ সম্প্রতি মোট পাঁচটি প্রবিধান করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থার চেয়ারম্যান এম শেফাক আহমেদ স্বাক্ষরিত প্রবিধানগুলোর গেজেট সম্প্রতি প্রকাশিত হয়েছে।অন্য প্রবিধানগুলো হচ্ছে: কেন্দ্রীয় মান (সেন্ট্রাল রেটিং) কমিটি প্রবিধান, বিমাকারীর শাখা ও কার্যালয় স্থাপন (লাইসেন্সপ্রাপ্তির আবেদন) প্রবিধান, বিরোধ নিষ্পত্তি কমিটি প্রবিধান এবং গ্রামীণ বা সামাজিক খাতে বিমাকারীর দায়বদ্ধতা প্রবিধান।বিমা কোম্পানির এমডি হওয়ার ক্ষেত্রে ১৫ বছরের অভিজ্ঞতার বাইরে অবশ্য কিছুটা শিথিলতাও আনা হয়েছে। যেমন অ্যাকচুয়ারিয়াল বিজ্ঞানে ডিগ্রিধারীদের ক্ষেত্রে শিথিলতা পাঁচ বছর। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস বাংলাদেশ (আইসিএবি), ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনটেন্টস বাংলাদেশ (আইসিএমএবি) ইত্যাদি প্রতিষ্ঠানের ফেলো বা অ্যাসোসিয়েটদের ক্ষেত্রে তা তিন বছর। নতুন প্রবিধান অনুযায়ী বেতন, ভাতা, গাড়ি ইত্যাদি সুবিধার বাইরে এমডিরা লভ্যাংশ ও কমিশন জাতীয় কোনো কিছু পাবেন না।কেন্দ্রীয় মান কমিটির ক্ষেত্রে প্রবিধানে বলা হয়েছে, সাধারণ বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম হারসহ সব ধরনের শর্ত নির্ধারণের জন্য ১০ সদস্যের একটি কমিটি থাকবে। আইডিআরএর চেয়ারম্যান হবেন এই কমিটির প্রধান। অন্যদের মধ্যে আইডিআরএর দুই সদস্য, সাধারণ বীমা কোম্পানির তিন প্রতিনিধি এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) মনোনীত চার এমডি।বিমা কোম্পানির শাখা ও কার্যালয় স্থাপনের জন্য নির্দিষ্ট ফরমে আইডিআরএর কাছে আবেদন করতে হবে। এতে শাখার ঠিকানা, এলাকা, লাইসেন্স নম্বর ও তারিখ এবং শাখা স্থাপনের তারিখ উল্লেখ করতে হবে। আগে শাখা ছিল, এখন বন্ধ হয়ে গেছে—এই তথ্যও উল্লেখ করতে হবে আবেদনে। বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বলা হয়েছে, বিমা কোম্পানি ও পলিসি গ্রাহকদের মধ্যে কোনো বিরোধ তৈরি হলে তা নিষ্পত্তির জন্য একজনকে চেয়ারম্যান করে চার সদস্যের একটি বা একাধিক নিষ্পত্তি কমিটি গঠন করে দেবে আইডিআরএ। চেয়ারম্যানের যোগ্যতা হবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি বা জেলা জজ হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কোনো ব্যক্তি। গ্রামীণ বা সামাজিক খাতে বিমাকারীর দায়বদ্ধতা প্রবিধানমালায় বলা হয়েছে, প্রত্যেক বিমা কোম্পানিকে এখন থেকে গ্রামাঞ্চলে কাজ করতে হবে। জীবন বীমা কোম্পানিগুলোকে কার্যক্রম শুরুর প্রথম বছরে এক, দ্বিতীয় বছরে তিন, তৃতীয় বছরে ছয়, চতুর্থ বছরে নয় এবং পঞ্চম ও তার পরের বছরে কমপক্ষে ১২ শতাংশ ব্যবসা গ্রামে থাকতে হবে। একইভাবে সাধারণ বীমা কোম্পানিগুলোকে প্রথম বছরে দশমিক ১০, দ্বিতীয় বছরে দশমিক ২০, তৃতীয় বছরে দশমিক ৩০, চতুর্থ বছরে দশমিক ৪০ এবং পঞ্চম বছরে দশমিক ৫০ শতাংশ ব্যবসা গ্রামে থাকতে হবে। সব কোম্পানিই যেহেতু পাঁচ বছর পার করেছে, তাই সর্বোচ্চ শর্তটি পূরণ করতে হবে এদেরকে। যোগাযোগ করা হলে আইডিআরএর চেয়ারম্যান এম শোফাক আহমেদ প্রথম আলোকে বলেন, বিমা খাতে অধিকতর স্বচ্ছতা আনার উদ্দেশ্য নিয়ে প্রবিধানগুলো প্রণয়ন করা হয়েছে। বিআইএর চেয়ারম্যান শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, প্রবিধান সব ঠিকই আছে। তবে বয়সের কারণে বর্তমানে অনেক এমডি চাকরি করতে পারবেন না। এতে জটিলতা তৈরি হবে।