৭ কৃষক ও প্রতিষ্ঠান পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড এগ্রো অ্যাওয়ার্ড

দেশের কৃষি খাতে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ। গতকাল বুধবার র্যা ডিসন হোটেেল আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড এগ্রো অ্যাওয়ার্ড’ শীর্ষক ওই পুরস্কার তুলে দেওয়া হয়।
২০১৪ সালে ব্যাংকটি ‘এগ্রো অ্যাওয়ার্ড: এক্সিলেন্স ইন এগ্রিকালচার’ নামের এ পুরস্কার চালু করে সাত বিষয়ে কৃষক ও কৃষিভিত্তিক প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিচ্ছে। এতে সহায়তা দেয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)।
এবার গবেষণা ও উদ্ভাবনে সেরা কৃষি সংস্থা হিসেবে ইস্পাহানি এগ্রো, সহায়তা প্রদান ও বাস্তবায়নে সেরা সংস্থা হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সেরা কৃষিপণ্য রপ্তানিকারক হিসেবে বেঙ্গল ব্রেইডেড রাগস ও কৃষি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের জন্য আলিম ইন্ডাস্ট্রিজ পুরস্কৃত হয়েছে।
বছরের সেরা কৃষক (পুরুষ) হয়েছেন সাতক্ষীরার কৃষক আবদুস সাত্তার ও বছরের সেরা নারী কৃষক হয়েছেন পিরোজপুরের হোসনে আরা বেগম। বৃষ্টির পানি সংরক্ষণ করে সবজি চাষের জন্য কক্সবাজারের ছয়জন নারীর একটি কৃষক দল ‘ফার্মার অব দ্য ইয়ার’ (সাবসিস্টেন্স মার্কেট গ্রুপ) পুরস্কার পেয়েছে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার ও বিবিএফের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বক্তব্য দেন।
সেরা কৃষক (নারী ও পুরুষ) ও ‘ফার্মার অব দ্য ইয়ার’ পুরস্কার প্রাপ্তরা প্রত্যেকে পাঁচ লাখ টাকা করে পেয়েছেন। এ তিন বিষয়ে একজন ব্যক্তি অথবা দলকে সম্মানসূচক পুরস্কার (অনারেবল মেনশন) দেওয়া হয়েছে। এ ছাড়া সবাইকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।