৭ জুন থেকে সমাজসেবা অধিদপ্তরে চালু হচ্ছে ই-ফাইল সিস্টেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনব্যাপী ই-ফাইল (নথি) সিস্টেম ইউজার রিফ্রেসার প্রশিক্ষণ কোর্সে অতিথিরা। ছবি: প্রেস বিজ্ঞপ্তি।
দিনব্যাপী ই-ফাইল (নথি) সিস্টেম ইউজার রিফ্রেসার প্রশিক্ষণ কোর্সে অতিথিরা। ছবি: প্রেস বিজ্ঞপ্তি।

আগামী ০৭ জুন থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় নতুনভাবে তৈরিকৃত ই-ফাইল (নথি) সিস্টেম চালু করতে যাচ্ছে সমাজসেবা অধিদপ্তর। বর্তমান সরকার ঘোষিত রূপকল্প ২০২১ অনুসারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পেপারলেস অফিস কার্যক্রমকে সামনে রেখে অধিদপ্তর এ উদ্যোগ নিয়েছে। এর মধ্য দিয়ে দেশে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে সমাজসেবা অধিদপ্তর। আজ রোববার সমাজসেবা অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজসেবা অধিদপ্তরের সদর কার্যালয়ে সরাসরি বিভিন্ন ধরনের ফাইলের কাজে জড়িত ১৭৮ জনকে ১০ থেকে ২৬ এপ্রিল জাতীয় সমাজসেবা একাডেমির সার্বিক আয়োজনে ই-ফাইল (নথি) ‘সিস্টেম ইউজার প্রশিক্ষণ’ দেওয়া হয়েছে। আজ রোববার (৫ জুন) দিনব্যাপী জাতীয় সমাজসেবা একাডেমির সার্বিক আয়োজনে সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে ১৭৮ জনকে (মহাপরিচালক হতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর) রিফ্রেসার্স প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণের কোর্স পরিচালক ছিলেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মো. সাফায়েত হোসেন তালুকদার। কোর্স সমন্বয়ক ছিলেন জাতীয় সমাজসেবা একাডেমির প্রভাষক মোছা. নাসরিন সুলতানা।
সমাজসেবা অধিদপ্তরের ই-ফাইল (নথি) সিস্টেম এডমিন জহিরুল ইসলাম জানান, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ই-ফাইল সিস্টেম পরিচালনার জন্য আমরা সার্বিকভাবে প্রস্তুত।

ই-ফাইল (নথি) সিস্টেম ইউজার প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া সমাজসেবা অধিদপ্তরের অতিথিরা। ছবি: প্রেস বিজ্ঞপ্তি।
ই-ফাইল (নথি) সিস্টেম ইউজার প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া সমাজসেবা অধিদপ্তরের অতিথিরা। ছবি: প্রেস বিজ্ঞপ্তি।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির বলেন, ৭ জুন থেকে অধিদপ্তরের অন্যতম গুরুত্বপূর্ণ ‘পরিকল্পনা ও উন্নয়ন’ শাখার হাত ধরে পেপারলেস অফিসিং-এ যাত্রা শুরু করবে সমাজসেবা অধিদপ্তর। প্রতি সপ্তাহে অধিদপ্তরের বিভিন্ন শাখা, অধিশাখা এ পথে যাত্রা শুরু করবে। ১ জুলাই থেকে সমাজসেবা অধিদপ্তরে ই-ফাইল সিস্টেম শতভাগ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের একমাত্র প্রথম পূর্ণাঙ্গ পেপারলেস অফিস কার্যক্রমের দৃষ্টান্ত স্থাপন করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ অনুসারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের এই পদক্ষেপ নিয়েছে। এর সার্বিক কারিগরি সহযোগিতায় রয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প কর্তৃপক্ষ।