৭ মাস পর আজ ব্যাংকার্স সভা
অতীতে তিন মাস পরপর ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়ে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স সভা অনুষ্ঠিত হলেও এবার তা হচ্ছে সাত মাস পর।
গত ৩১ মে সর্বশেষ ব্যাংকার্স সভায় এমডিদের বিভিন্ন নির্দেশনা দেন গভর্নর ফজলে কবির। আজ মঙ্গলবার আবার ব্যাংকের এমডিদের ডাকা হয়েছে ব্যাংকার্স সভার জন্য।
ব্যাংকার্স সভায় সাধারণত ব্যাংক খাতের সাম্প্রতিক সমস্যা তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নীতি সহায়তা চান এমডিরা। আর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রাপ্ত বিভিন্ন অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের বিষয় তুলে ধরে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া মুদ্রানীতি বাস্তবায়নে এমডিদের নির্দেশনা প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক।
আজকের সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের ঋণের সেবা মাশুল নির্ধারণ করে দেওয়া হতে পারে। এ ছাড়া বাণিজ্যিক খাতে বিতরণকৃত ঋণকে কৃষি, এসএমই ঋণ দেখিয়ে সুবিধা আদায়ের ব্যাপারে কঠোরতা আরোপের কথা জানানো হবে। পাশাপাশি হল-মার্ক গ্রুপের নন-ফান্ডেড ঋণে সুদ আরোপ না করার ব্যাপারে এমডিদের নির্দেশনা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।