৭ শতাংশ মূসক চায় ঢাকা চেম্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইনে মূসক হার ৭ শতাংশের প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ঢাকা চেম্বার বলছে, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এই হার নির্ধারণ করা উচিত। এ ছাড়া প্রতিযোগী দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া ও ফিলিপাইনের মূসক হারের সঙ্গে সমন্বয় করে এ দেশের মূসক হার নির্ধারণ হওয়া দরকার।
গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঢাকা চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দের সভা হয়। এতে ঢাকা চেম্বারের পক্ষ থেকে এই প্রস্তাব করেন সংগঠনের সভাপতি আবুল কাসেম খান। সেগুনবাগিচার এনবিআরের সম্মেলনকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান।
এ ছাড়া ৫০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেনকারী ক্ষুদ্র প্রতিষ্ঠানকে মূসকের আওতার বাইরে রাখার সুপারিশ করেছে ডিসিসিআই। নতুন আইনে ৩০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেনে মূসক ছাড় আছে। এ ছাড়া ৫০ লাখ টাকা থেকে ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেনে টার্নওভার কর ৩ শতাংশ রাখার প্রস্তাব করেছে ডিসিসিআই। নতুন আইনে ৩০ লাখ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত লেনদেনে ৩ শতাংশ টার্নওভার কর আরোপের কথা বলা হয়েছে।

ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, কর কার্ডের মতো মূসক কার্ডের প্রবর্তন করা উচিত। এতে মূসক প্রদানে উৎসাহিত হবে প্রতিষ্ঠানগুলো। এ ছাড় গবেষণা খাতে ব্যয় করলে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে কর রেয়াত দেওয়ার সুপারিশ করেন তিনি। তিনি আরও বলেন, এনবিআরের প্রশাসকের মানসিকতা থেকে বের হয়ে অংশীদারত্বের মানসিকতা নিয়ে কর আদায় করতে হবে। তিনি হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করারও তাগিদ দেন।

এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন মূসক আইন বাস্তবায়ন হবে। করের জাল বিস্তৃত করে ইউনিয়ন পর্যন্ত নেওয়া হয়েছে।

এনবিআর চেয়ারম্যান তিনি বলেন, এ বছর অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেরা ১০টি মূসক প্রদানকারী প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। বাণিজ্য মেলায় ১৬২টি প্রতিষ্ঠান মূসক দেয়নি। তাদের কাছ থেকে মূসক আদায় করা হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি রাজধানীতে মাঠপর্যায়ের উপ-কর কমিশনারদের সম্মেলন অনুষ্ঠিত হবে।

ডিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি কামরুল ইসলাম বলেন, মূসক প্রদান নিয়ে এনবিআর ও ব্যবসায়ীদের মধ্যে আস্থার সংকট রয়েছে। এই আস্থা দিন দিন বাড়ছে। তবে আস্থার এই সংকট পুরোপুরি কাটাতে হয়রানি বন্ধ করতে হবে।

রাজস্ব আহরণের গতিকে আরও বেগবান করার জন্য বিশেষায়িত পণ্য ও এলাকাভিত্তিক ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে এনবিআরের সম্পৃক্ততা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন এনবিআর সদস্য মোহাম্মদ ফরিদউদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনবিআর সদস্য এ এফ এম শাহরিয়ার মোল্লা, ডিসিসিআই সহসভাপতি হোসেন এ সিকদার, পরিচালক আসিফ এ চৌধুরী, হোসেন আকতার, হুমায়ুন রশিদ, ইমরান আহমেদ, আতিক-ই-রাব্বানী প্রমুখ।