কালোটাকা সাদা করার সুযোগ থেকে তেমন বিনিয়োগ হবে না
৭.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন অসম্ভব নয়: বিশ্বব্যাংক
আগামী অর্থবছরের প্রাক্কলিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ অর্জন অসম্ভব নয় বলে মনে করে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক এই আর্থিক প্রতিষ্ঠানটির মতে, জ্বালানিসংকট থেকে উত্তরণ ঘটাতে ও যোগাযোগ খাতের উন্নয়ন করতে পারলে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব। তাই এই প্রবৃদ্ধি অর্জন বেশ কষ্টসাধ্য ও চ্যালেঞ্জিং বলে মনে করছে বিশ্বব্যাংক।বর্তমান বিশ্ব প্রেক্ষাপট বিশ্লেষণ করে বিশ্বব্যাংক আরও বলছে, আগামী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে।গতকাল বুধবার ২০১২-১৩ অর্থবছরের বাজেট মূল্যায়ন করে বিশ্বব্যাংক এসব কথা বলেছে। এ উপলক্ষে ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া, জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রমুখ।চলতি অর্থবছরের ৬ দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনকে স্বাস্থ্যকর হিসেবেই মনে করছে বিশ্বব্যাংক। কেননা, এই প্রবৃদ্ধির হার দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধির কাছাকাছি রয়েছে। আর চলতি বছরের শেষ নাগাদ বা আগামী অর্থবছরের শুরুতে ইউরো অঞ্চলে মন্দাবস্থা কাটতে শুরু করবে। এতে বাংলাদেশের রপ্তানি খাত উপকৃত হবে, যা প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।চলতি বাজেটে কালোটাকা সাদা করা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, ১৯৭৫ সাল থেকে প্রতি সরকারই এই সুযোগ দিয়ে আসছে। তবে খুব কমসংখ্যক ব্যক্তি এই সুযোগ নিয়েছেন। অতীত অভিজ্ঞতা থেকে বলা যায়, এবার এই সুযোগের মাধ্যমে খুব বেশি বিনিয়োগ হবে না।সঞ্জয় কাঠুরিয়া বলেন, আগামী অর্থবছরের রাজস্ব আদায় ও ব্যয়ের প্রাক্কলন খুব উচ্চাভিলাষী। সব ক্ষেত্রেই বেশি প্রাক্কলন করা হয়েছে। সরকারের উচিত আরও স্বচ্ছভাবে রাজস্ব আদায় করা। রাজস্ব আদায় ও ব্যয়ে আরও বেশি সুশাসন প্রতিষ্ঠা করা। ব্যয়ের ক্ষেত্রে লুটপাটের সুযোগ হ্রাস করা দরকার। ব্যবসা-বাণিজ্য করার প্রক্রিয়া সহজ করা উচিত। বাংলাদেশ এসব ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।মূল্যায়ন: বিশ্বব্যাংক মনে করছে, সামগ্রিক অর্থনীতি সঠিক পথেই রয়েছে। তবে নতুন রপ্তানি খাত উন্মুক্তকরণে বাণিজ্যনীতি সহায়ক নয়। জ্বালানি, বিদ্যুৎ, ভূমি জটিলতা, অবকাঠামো দুর্বলতাসহ নানা কারণে বেসরকারি বিনিয়োগ কমে যাচ্ছে বলে মনে করছে বিশ্বব্যাংক। বাণিজ্য-ঘাটতির কারণে লেনদেনে ভারসাম্য কিছুটা চাপের মধ্যে পড়েছে। এ ছাড়া ঘাটতি বৃদ্ধি ও অভ্যন্তরীণ খাত থেকে বেশি অর্থায়নের কারণে সরকারি ঋণের বোঝা বাড়ছে।বিনিয়োগ: বেসরকারি বিনিয়োগ, জাতীয় সঞ্চয় ও আমানত—সব খাতে এ বছর নেতিবাচক প্রবণতা রয়েছে।চলতি অর্থবছরে আগের বছরের তুলনায় বেসরকারি বিনিয়োগ কমেছে। এ বছর জিডিপির ১৯ দশমিক ১ শতাংশ বেসরকারি বিনিয়োগ হয়েছে। গত অর্থবছরে তা ছিল জিডিপির ১৯ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে জাতীয় সঞ্চয়ও কমে গেছে। ২০১১-১২ অর্থবছরে জিডিপির ২৫ দশমিক ২ শতাংশ জাতীয় সঞ্চয় হয়েছে, যা গত বছর ছিল ২৬ শতাংশ।চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে আমানত সংগৃহীত হয়েছে আগের বছরের চেয়ে ১৮ শতাংশ বেশি। তবে গত বছর একই সময়ে এই হার ছিল ২২ দশমিক ৮ শতাংশ।বিশ্বব্যাংক মনে করে, বিনিয়োগ বাড়াতে হলে অবকাঠামো উন্নয়ন ও জ্বালানিসংকট দূর করা প্রয়োজন। ভর্তুকি: বিশ্বব্যাংকের মতে, ভর্তুকির কারণে বাজেট ঘাটতি বাড়ছে। চলতি অর্থবছরের জিডিপির ৩ দশমিক ৩ শতাংশই ভর্তুকি বাবদ দিতে হয়েছে। আর গত অর্থবছরে এর পরিমাণ ছিল জিডিপির ২ দশমিক ৪ শতাংশ। এ বছরের ভর্তুকির মধ্যে ৬০ শতাংশই দিতে হয়েছে বিপিসি, পিডিবি, বিসিআইসি ও বিকেএমসির লোকসান পূরণে। মূল্য সমন্বয়ের পরও লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনে ২৪ টাকা, ফার্নেস অয়েলে ১১ টাকা এবং প্রতি কিলোওয়াট বিদ্যুতে ২ দশমিক ৭৮ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এই সম্পর্কে জাহিদ হোসেন বলেন, ভর্তুকির সুবিধা গরিব মানুষ পায় না। আর ভর্তুকি আয়বৈষম্য কমায়—এটা ভাবা বড় ভুল হবে। বিদ্যুতের ভর্তুকির ১২ শতাংশ অর্থ যায় নিচের দিকে ২০ শতাংশ মানুষের কাছে। আর ভর্তুকির ৫২ শতাংশ অর্থ যায় ওপরের দিকের, অর্থাৎ শীর্ষ ২০ শতাংশ ধনী মানুষের কাছে।ভর্তুকি লক্ষ্যভিত্তিক করার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক।মূল্যস্ফীতি: বিশ্বব্যাংক বলছে, সরকারের সম্প্রসারণমূলক নীতির কারণে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে চলেছে। উচ্চ মূল্যস্ফীতি সত্ত্বেও চলতি অর্থবছরে বাংলাদেশে বেশ ভালো প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।সঞ্জয় কাঠুরিয়া বলেন, উচ্চ প্রবৃদ্ধি হলে উচ্চ মূল্যস্ফীতি হবে। নিম্ন প্রবৃদ্ধি হলে নিম্ন মূল্যস্ফীতি এমনকি ঋণাত্মক মূল্যস্ফীতিও হতে পারে।তবে আগামী অর্থবছরে রপ্তানিকারকদের ওপর উৎসে কর বৃদ্ধিকে সময়োপযোগী মনে করে না বিশ্বব্যাংক। তবে মোবাইল ফোন বিলের ওপর উৎসে কর কর্তনের বিষয়টি আরও সুনির্দিষ্টভাবে করা যেত বলে মনে করে বিশ্বব্যাংক।বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বিদেশি সহায়তা ছাড়ের ওপর গুরুত্বারোপ করেছে বিশ্বব্যাংক। বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর লক্ষ্যে বাজেট ঘাটতি অর্থায়নে ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমানোর তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক।