৭.৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনযোগ্য: আইসিএবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের জন্য সরকার মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, তা অর্জনযোগ্য বলে মনে করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে এক সংবাদ সম্মেলনে এমন মতামত তুলে ধরে আইসিএবি। সনদধারী হিসাববিদদের আঞ্চলিক সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলনের বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল মঙ্গলবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সাফার সদস্য হিসেবে এর আয়োজন করেছে আইসিএবি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত জুনে ঘোষিত বাজেটে সরকার ২০১৪-১৫ অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৭ দশমিক ৩ শতাংশ। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে এটা অর্জনে আইসিএবিও ভূমিকা রাখতে পারে। এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন সুপারিশ উঠে আসবে, যা জিডিপির ওই লক্ষ্য অর্জনে সহায়ক হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘প্রবৃদ্ধির জন্য হিসাববিদ: প্রেক্ষিত দক্ষিণ এশিয়া’।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইসিএবির সাবেক সভাপতি ও সম্মেলনের আয়োজক কমিটির প্রধান অাব্বাস উদ্দিন খান জানান, সাফার সদস্য দেশ ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সনদধারী হিসাববিদেরা অংশ নেবেন। পাশাপাশি ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের হিসাববিদেরাও এতে অংশ নেবেন। এই দেশগুলো সাফার সদস্য নয়, তবে পর্যবেক্ষণে আছে। সম্মেলনে আইসিএবির সভাপতি শওকত হোসেন বক্তব্য দেন ।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।