৭০ হাজার করদাতা খুঁজে পেয়েছে এনবিআর
নতুন করদাতার সন্ধানে কর জরিপের পাশাপাশি তাৎক্ষণিক করযোগ্য ব্যক্তিদের নথি খুলে আয়কর নেওয়ার (স্পট এসেসমেন্ট) কার্যক্রম চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই দুই প্রক্রিয়ায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ৭০ হাজারের বেশি নতুন করদাতা শনাক্ত করা গেছে। যাঁরা আগে কখনো কর দেননি, কিন্তু তাঁদের আয় করযোগ্য এবং তাঁদের কোনো কর শনাক্তকরণ নম্বরও (টিআইএন) নেই—এমন ব্যক্তিকেই নতুন করদাতা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু প্রতিবছরই নতুন করদাতা শনাক্তকরণের কার্যক্রম পরিচালনা করে হাজার হাজার নতুন করদাতার সন্ধান পাওয়া এবং তাঁদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দেওয়া হলেও বছর শেষে আয়কর বিবরণী বা রিটার্ন জমা পড়ে না। খুঁজে বের করে আনা নতুন করদাতাদের সিংহভাগই বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেন না। নতুন করদাতারা অনেকেই হয়তো সাময়িক প্রয়োজনে টিআইএন নম্বর নিয়েছেন। প্রয়োজন ফুরালে আর সেই টিআইএনের বিপরীতে বিবরণী জমা দেন না। আবার অনেকে কর জরিপকালে লোকলজ্জার ভয়ে কর কর্মকর্তাদের নথিভুক্ত হন, বছর শেষে বিবরণী জমা দেন না। শনাক্ত করা নতুন করদাতারা টিআইএন নিচ্ছেন কি না কিংবা বছর শেষে বার্ষিক বিবরণী জমা দিচ্ছেন কি না তা খতিয়ে দেখতে বিশেষ কোনো উদ্যোগ নেই এনবিআরের। আয়কর আইনে টিআইএনধারীকে বার্ষিক বিবরণী জমা বাধ্যতামূলক হলেও আইনের প্রয়োগ করা যাচ্ছে না। প্রতিবছর বিপুলসংখ্যক নতুন করদাতা শনাক্ত করা হলেও সেই তুলনায় বিবরণী জমার প্রবাহ বাড়ছে না বলে স্বীকার করেন এনবিআরের সদস্য (কর জরিপ ও পরিদর্শন বিভাগ) শুম্ভুনাথ দাস। শম্ভুনাথ প্রথম আলোকে জানান, যাঁরা বার্ষিক বিবরণী জমা দেন না তাঁদের বিরুদ্ধে এখনো বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে না। তবে বিবরণী জমা না দিলে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। শম্ভুনাথ আরও জানান, প্রত্যেক উপকরকমিশনার তাঁর এলাকায় কোনো টিআইএনধারী আয়কর বিবরণী জমা না দিলে প্রথমে তাঁকে নোটিশ দিতে পারেন। এরপরও বিবরণী জমা না দিলে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। বিভিন্ন কর অঞ্চলের কর কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মাঠ পর্যায়ে আয়কর নথি সংরক্ষণ করে থাকেন পরিদর্শক বা ইন্সপেক্টররা। কিন্তু পুরো আয়কর প্রশাসনে মাত্র ৩০০ জন পরিদর্শক রয়েছেন। এত কম জনবল দিয়ে কারা আয়কর বিবরণী জমা দিলেন আর কারা দিলেন না তা খুঁজে বের করা প্রায় অসম্ভব।বিবরণী জমার প্রবাহ: এনবিআর গত তিন-চার বছরে কয়েক লাখ নতুন করদাতা শনাক্ত করেছে। শুধু গত অর্থবছরই চার লাখ নতুন করদাতা শনাক্ত করা হয়েছে, যাঁদের চলতি ২০১০-১১ করবর্ষ থেকে আয়কর বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। এর আগের দুই বছরে আরও লাখ খানেক নতুন করদাতা শনাক্ত করা হয়েছে। কিন্তু বিবরণী জমা পরিস্থিতি বলছে ভিন্ন কথা। গত তিন বছরে যে পরিমাণ নতুন করদাতা করজালে যুক্ত হয়েছেন, বিবরণী জমা বাড়ার গতি তার চেয়ে অনেক কম। ২০০৮-০৯ করবর্ষে ছয় লাখ ৬০ হাজার করদাতা বিবরণী জমা দিয়েছেন। ২০০৯-১০ করবর্ষে বিবরণী জমা দিয়েছেন সাত লাখ ৫৭ হাজার ৯৬৪ জন। আর চলতি করবর্ষে নয় লাখ দুই হাজার পাঁচজন করদাতা তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। গত তিন বছরের ব্যবধানে আড়াই লাখেরও বেশি রিটার্ন জমা পড়েছে। কয়েক বছর ধরে বছরজুড়েই কর জরিপ চলছে। কর জরিপ দলের সদস্য রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর মার্কেট, ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে এই জরিপ চালান, করযোগ্য ব্যক্তিদের চিহ্নিত করেন। আবার অনেকে স্বেচ্ছায় এসে এই জরিপের অন্তর্ভুক্ত হন। জরিপ কর্মকর্তারা ওই ব্যক্তির আয়-ব্যয় পর্যালোচনা করে করযোগ্য কি না তা নির্ধারণ করেন। করযোগ্য হলে টিআইএন ফরম দিয়ে তাঁকে নথিভুক্ত করেন। এসব কাজে কর জরিপ দল মার্কেট ও পেশাভিত্তিক বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহায়তা নেন। পাঁচ মাসের চিত্র: চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়কালে সবচেয়ে বেশি নতুন করদাতা পাওয়া গেছে চট্টগ্রাম কর অঞ্চল-৩ থেকে, যার সংখ্যা ১০ হাজার ৮৪১ জন। এর পরের স্থানে রয়েছে ঢাকার কর অঞ্চল-৩। এই কর অঞ্চলে নয় হাজার ৯৪৮ জন নতুন করদাতা শনাক্ত করা হয়েছে। এ ছাড়া ঢাকার কর অঞ্চল-১-এ ৭০৩ জন, কর অঞ্চল-২-এ ছয় হাজার ২৫৫, কর অঞ্চল-৪-এ দুই হাজার ৬৫, কর অঞ্চল-৫-এ পাঁচ হাজার ৩৮৯, কর অঞ্চল-৬-এ ১৫৮, কর অঞ্চল-৭-এ চার হাজার ৪৯৫, কর অঞ্চল-৮-এ ৩৭৮, চট্টগ্রাম কর অঞ্চল-১-এ পাঁচ হাজার ৯৯৩, চট্টগ্রাম কর অঞ্চল-২-এ পাঁচ হাজার ৮৪৬, খুলনা কর অঞ্চলে চার হাজার ৯২৭, রাজশাহী কর অঞ্চলে দুই হাজার ৪০৮, রংপুর কর অঞ্চলে এক হাজার ৮১৪, বরিশাল কর অঞ্চলে তিন হাজার ৮২ ও সিলেট কর অঞ্চলে ছয় হাজার ৩০৩ জন নতুন করদাতাকে চিহ্নিত করা হয়েছে। এর পাশাপাশি চলছে তাৎক্ষণিক জরিপ। এর আওতায় রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে করযোগ্য ব্যক্তি খুঁজে বের করা হচ্ছে। এসব চিহ্নিত ব্যক্তির টিআইএন দিয়ে তাৎক্ষণিকভাবে আয়কর বিবরণী গ্রহণ করা হচ্ছে। গত ১ নভেম্বর থেকে চালু হওয়া এই কার্যক্রমের আওতায় কয়েক হাজারের বেশি নতুন করদাতা শনাক্ত করা হয়েছে।বর্তমানে দেশে প্রায় ২৮ লাখ টিআইএনধারী রয়েছেন। কিন্তু কর জরিপের মাধ্যমে আসা নতুন করদাতাদের বছর শেষে বিবরণী জমায় উৎসাহিত করতে না পারলে প্রত্যক্ষ করের ওপর নির্ভরশীলতা বাড়ানোর এই উদ্যোগ কোনো কাজে আসবে না বলে এনবিআরের কর্মকর্তারাই আশঙ্কা করছেন।এর আগে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত এনবিআরের উদ্যোগে সমন্বিত কর জরিপ পরিচালিত হয়েছিল। এই জরিপে দুই লাখ ৫৮ হাজার ২২ জন ব্যক্তিকে করজালের আওতায় আনা হয়েছে।