বাড়তি অর্থ আদায় করা হলে মুঠোফোন অপারেটর এয়ারটেলের সঙ্গে একীভূত হবে না রবি আজিয়াটা। অপারেটর দুটির প্রস্তাবিত একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়ার ব্যাপারে এমন মনোভাব জানিয়ে সরকারকে চিঠি দিয়েছে রবির মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ।
তরঙ্গ একীভূতকরণসহ কয়েকটি কারণ দেখিয়ে বাড়তি ৭০০ কোটি টাকা আদায়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে সম্প্রতি এ চিঠি দিয়েছে আজিয়াটা গ্রুপ বারহাদ। আজিয়াটার গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা জামালুদ্দিন ইব্রাহিমের স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে আমরা জানতে পেরেছি একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকার ৭০০ কোটি টাকার বেশি নেওয়ার প্রস্তাব করেছে। আমরা বলতে চাই, সরকার যদি এই অর্থ আদায় করে, তাহলে প্রস্তাবিত এই একীভূতকরণ প্রক্রিয়া থেকে রবি সরে আসবে।’
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের কাছে লেখা এ চিঠিতে আরও বলা হয়েছে, আজিয়াটা গ্রুপ বারহাদ গত ২০ বছরে বাংলাদেশে ২০০ কোটি ডলার বা ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। রবি-এয়ারটেল একীভূত হলে বাংলাদেশে আজিয়াটা গ্রুপের বিনিয়োগ সামনে আরও বাড়বে। আর সেটি না হলে তা আজিয়াটার ভবিষ্যৎ বিনিয়োগকে হুমকির মুখে ফেলবে।
রবি-এয়ারটেল একীভূত হলে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে প্রতিযোগিতা বৃদ্ধিসহ বেশ কিছু ইতিবাচক বিষয়ের কথা চিঠিতে উল্লেখ করে বলা হয়েছে, এর ফলে সরকার প্রতিবছর বাড়তি ৮০ কোটি টাকার রাজস্ব পাবে। ২০২০ সাল পর্যন্ত এভাবে সরকারের বাড়তি আয় হবে কমপক্ষে ৩২০ কোটি টাকা। একই সঙ্গে ২০২০ সালে এয়ারটেলের টুজি তরঙ্গ নবায়ন করতে হবে। সেটি থেকেও সরকারের বাড়তি রাজস্ব আদায় নিশ্চিত হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত একীভূতকরণ সরকারের ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য অর্জনের পথে সহায়ক হবে। বহুজাতিক দুটি বড় প্রতিষ্ঠানের এক হওয়ার এ ঘটনা বাংলাদেশে নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে সহায়ক হবে, মুঠোফোনভিত্তিক ব্রডব্যান্ড ইন্টারনেট প্রাপ্তিকেও নিশ্চিত করবে। একই সঙ্গে তা দেশের গ্রাহকদের উন্নত সেবাপ্রাপ্তিও নিশ্চিত করার ক্ষেত্রে সহায়ক হবে।
বাড়তি অর্থ আদায়ের প্রস্তাব পুনর্বিবেচনা করার জন্য সরকারকে অনুরোধ জানিয়ে চিঠির শেষে বলা হয়েছে, আজিয়াটা গ্রুপ বারহাদ বাংলাদেশে দীর্ঘ মেয়াদে আরও বেশি বিনিয়োগ করতে চায়। রবি-এয়ারটেলের প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়া সেই ভবিষ্যৎ বিনিয়োগের পথকে নিশ্চিত করবে।
উল্লেখ্য, রবি-এয়ারটেল একীভূত হওয়ার জন্য মোট ৭০০ কোটি টাকার বেশি নেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্যে তরঙ্গ একীভূত করার ফি হিসেবে ৫০০ কোটি টাকা ও মার্জার ফি হিসেবে ২০০ কোটি টাকা আদায়ের সুপারিশ করা হয়েছে। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ১ হাজার ৮০০ মেগাহার্টজ, অর্থাৎ টুজি ব্যান্ডে ১৫ মেগাহার্টজ কিনতে এয়ারটেলের খরচ হয় ৫০ লাখ ডলার বা ৩৫০ কোটি টাকা। ১৫ বছরের জন্য বরাদ্দ পাওয়া এ তরঙ্গের জন্য মেগাহার্টজপ্রতি এয়ারটেলের খরচ হয় ১ কোটি ৫১ লাখ টাকা। অন্যদিকে ২০১১ সালে টুজি তরঙ্গের লাইসেন্স নবায়নের সময় প্রতি মেগাহার্টজ তরঙ্গের বাজারমূল্য ছিল ১০ কোটি টাকা। অর্থাৎ প্রতি মেগাহার্টজ টুজি তরঙ্গের জন্য রবিকে বেশি দিতে হয় ৮ কোটি ৪৯ লাখ টাকা। এয়ারটেলের টুজি লাইসেন্সের মেয়াদ আছে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত। সে হিসাবে এয়ারটেলের টুজি তরঙ্গ এখন রবির সঙ্গে একীভূত করতে হলে ৮ কোটি ৪৯ লাখ টাকা হিসেবে ১৫ মেগাহার্টজ তরঙ্গের জন্য একীভূত কোম্পানিকে দিতে হবে ৫১০ কোটি টাকা।