৭০০ কোটি টাকা ছাড়াল ডিএসইর লেনদেন
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে দেশের শেয়ারবাজারে। এরই ধারাবাহিকতায় আজ রোববারও সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেন বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।
ডিএসইতে ৭০৮ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে আজ ৭০৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৬৫ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই বাজারে ৬৪৩ কোটি টাকার লেনদেন হয়।
লেনদেন বাড়ার পাশাপাশি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল ডিএসইতে। দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৫৬৫ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের বাড়তি প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ডিএসইতে আজ ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৭টির দাম বেড়েছে, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল মেঘনা পেট্রোলিয়াম। আজ এ প্রতিষ্ঠানের ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া পদ্মা অয়েল, অ্যাপোলো ইস্পাত, ইউসিবিএল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, লংকাবাংলা ফিন্যান্স, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে ৬৫ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৩৭ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১০টির দাম বেড়েছে, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৬৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এ বাজারে ৫৯ কোটি টাকার লেনদেন হয়।