
উত্তর আমেরিকার তৈরি পোশাক ক্রেতাদের জোট অ্যালায়েন্সের পরামর্শ অনুসারে দেশের ৭১টি তৈরি পোশাক কারখানা শতভাগ সংস্কার কার্যক্রম সম্পন্ন করেছে। কয়েক মাসের মধ্যে এ সংখ্যা ১৫০ ছাড়িয়ে যাবে বলে বলে আশা করছে জোটটি।
বাংলাদেশে পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জোটের কান্ট্রি ডিরেক্টর জেমস এফ মরিয়ার্টি।
অনুষ্ঠানে জানানো হয়, এখন পর্যন্ত ৬৭৬টি কারখানায় অ্যালায়েন্স তাদের পরিদর্শন কার্যক্রম শেষ করেছে। এর মধ্যে ৪৪০টিতে পুনরায় পরিদর্শন কার্যক্রম চলছে। প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হওয়ায় অ্যালায়েন্সের তালিকাভুক্ত ১৪২টি পোশাক কারখানার কার্যক্রম স্থগিত করা হয়েছে। বাংলাদেশে কার্যক্রম শুরুর পর থেকে গত সাড়ে তিন বছরে অ্যালায়েন্স তালিকাভুক্ত কোনো কারখানায় দুর্ঘটনার কারণে কোনো শ্রমিকের মৃত্যু হয়নি।
জেমস এফ মরিয়ার্টি বলেন, কোনো পোশাক কারখানা বন্ধ হয়ে যাক, এটা অ্যালায়েন্স কখনোই চায় না, এগুলো আরও নিরাপদ করাই লক্ষ্য। তবে যেসব কারখানায় কর্মপরিবেশ নিরাপদ নয়, সেগুলোর বিষয়ে ক্রেতাদের সচেতন করে অ্যালায়েন্স।
সংবাদ সম্মেলনে অ্যালায়েন্স বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।