৭২ জাপানি নাগরিকের ব্যাংক হিসাব তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বসবাসরত ৭২ জন জাপানি নাগরিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে ৫ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত একটি চিঠি বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। চিঠিটিতে ৭২ জাপানি নাগরিকের পাসপোর্ট নম্বর, জন্ম ও স্থান উল্লেখ করে তথ্য চাওয়া হয়।
জানা গেছে, জাপানের এফআইইউ বাংলাদেশের এফআইইউর কাছে এসব নাগরিক সম্পর্কে, তাঁদের আর্থিক লেনদেন সম্পর্কে তথ্য চায়।
এরই পরিপ্রেক্ষিতে বিএফআইইউ ব্যাংকগুলোর কাছে চিঠি পাঠিয়েছে।
তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, যদি এমন চিঠি দেওয়া হয়েও থাকে, তবে তা গোপনীয়। এ বিষয়ে কিছু বলা যাবে না।
সাধারণভাবে বিএফআইইউ সরকারের বিভিন্ন সংস্থা, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আন্তর্জাতিক মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ সংস্থা এগমন্ট গ্রুপের সদস্যভুক্ত অন্য দেশের চাহিদা অনুসারে তথ্য উদ্ঘাটন করে ও তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে।
এর আগে গত বছরও ১৫০ বিদেশি নাগরিকের তথ্য ব্যাংকগুলোর কাছে চেয়েছিল বিএফআইইউ। সূত্র বলছে, এগুলো তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। বিএফআইইউর সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের এফআইইউর চুক্তি রয়েছে।
আবার এগমন্ট গ্রুপের সদস্যপদ থাকায় সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেও তথ্য আদান-প্রদান করতে হয়। এ জন্যই বিভিন্ন দেশের নাগরিকদের ব্যাংক হিসাবের তথ্য বিভিন্ন সময়ে ব্যাংকগুলোর কাছে চাওয়া হয়।
বিএফআইইউ সন্দেহজনক লেনদেন, নগদ লেনদেন, মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়নসংক্রান্ত বিষয় বিশ্লেষণ করে থাকে। ২০১৩ সালের জুলাই মাসে বিএফআইইউ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের আন্তর্জাতিক সংস্থা এগমন্ট গ্রুপের সদস্যপদ পায়। আবার বিএফআইইউর সঙ্গে ২০টি দেশের তথ্য আদান-প্রদান বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে।