কনটেইনারগুলো পরিবহনের কথা ছিল দেউলিয়া হওয়া হানজিন শিপিংয়ের
৭৩ একক কনটেইনারের পণ্য আবার রপ্তানি হচ্ছে
শ্রীলঙ্কার কলম্বো বন্দরের জলসীমা থেকে ফেরত আনা ৭৩ একক কনটেইনার পণ্য আবার চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে এ প্রক্রিয়া শুরু হয়।
রপ্তানি পণ্য চালানের নথিতে দেখা যায়, এই ৭৩ একক কনটেইনারে ৪৭টি পোশাকশিল্প প্রতিষ্ঠানের ৫০ লাখ মার্কিন ডলারের (৪০ কোটি টাকা) রপ্তানি পণ্য রয়েছে। এসব পণ্যের বড় অংশের গন্তব্য যুক্তরাষ্ট্র। প্রায় আড়াই লাখ ডলারের রপ্তানি পণ্য যাওয়ার কথা ছিল জার্মানির ক্রেতাদের কাছে।
বন্দর সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট রপ্তানি পণ্যভর্তি এসব কনটেইনার শ্রীলঙ্কার কলম্বো বন্দরমুখী ওইএল মালয়েশিয়া নামের একটি জাহাজে তুলে দেওয়া হয়েছিল। এরপর সেখান থেকে বড় জাহাজে যুক্তরাষ্ট্র ও জার্মানিতে নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এসব কনটেইনার পরিবহনের মূল কোম্পানি দক্ষিণ কোরিয়ার হানজিন শিপিং কোম্পানি দেউলিয়ার মুখে পড়ে। বিপর্যয়ে পড়া এই কোম্পানির কনটেইনার পরিবহন করে পাওনা আদায়ে অনিশ্চয়তা রয়েছে। এ কারণে কলম্বো বন্দর কর্তৃপক্ষ এই জাহাজ থেকে কনটেইনার নামানোর অনুমতি না দেওয়ায় একই জাহাজে ঈদের আগে ১১ সেপ্টেম্বর চট্টগ্রামে এসব পণ্য ফেরত আনা হয়।
পণ্য পরিবহনের দায়িত্বে নিয়োজিত ফ্রেইট ফরোয়ার্ডাররা জানান, চট্টগ্রামে ফেরত আনার পরই রপ্তানিকারকদের প্যাডে কনটেইনার পরিবর্তন করে আবার রপ্তানির জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৪৩টি প্রতিষ্ঠানকে কনটেইনার পরিবর্তন করে রপ্তানির অনুমোদন দেয় কাস্টমস কর্তৃপক্ষ। চারটি প্রতিষ্ঠান এখনো কাস্টমসে আবেদন করেনি। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো বন্দর চত্বরে হানজিনের কনটেইনার থেকে পণ্য সরিয়ে অন্য কোম্পানির কনটেইনারে পণ্য বোঝাই করবে। এরপর বন্দর দিয়ে জাহাজে তুলে দেওয়া হবে।
ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশন থেকে বিষয়টি তদারক করছেন সংগঠনের পরিচালক খায়রুল আলম। তিনি গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, কাস্টমস কর্তৃপক্ষ রপ্তানিকারকদের আবেদন দ্রুত অনুমোদন করেছে। বন্দর কর্তৃপক্ষও রপ্তানির স্বার্থে দীর্ঘদিনের প্রথা ভেঙে বন্দর চত্বরে হানজিনের কনটেইনার থেকে পণ্য সরিয়ে অন্য কোম্পানির কনটেইনারে পণ্য বোঝাইয়ের সুযোগ করে দিয়েছে। ফলে এখন আর রপ্তানিতে প্রক্রিয়াগত কোনো বাধা নেই। কয়েক দিনের মধ্যে সব কনটেইনার পালাক্রমে জাহাজে তুলে দেওয়া হবে।
নথিতে দেখা যায়, পুনরায় রপ্তানির তালিকায় এনভয় গ্রুপ, এশিয়ান গ্রুপ, বিএসএ গ্রুপ, ওনাস গ্রুপ, ইয়াংওয়ান গ্রুপ, জয় জয় মিলস বাংলাদেশ লিমিটেড ও ইসলাম গার্মেন্টস লিমিটেডের পণ্য রয়েছে।