৭৩৭ সিরিজে নতুন উড়োজাহাজ আনছে বোয়িং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাণ সংস্থা বোয়িং তাদের ৭৩৭ সিরিজে নতুন মডেলের উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা দিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক উড়োজাহাজের প্রদর্শনী ‘প্যারিস এয়ার শো’ উপলক্ষে নতুন এ মডেল এনেছে বোয়িং। ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল সোমবার থেকে এ প্রদর্শনী শুরু হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, মূল প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের চেয়ে বাজার প্রতিযোগিতায় এগিয়ে থাকতেই এ পদক্ষেপ নিয়েছে বোয়িং। ‘৭৩৭ ম্যাক্স টেন’ নামের নতুন মডেলের উড়োজাহাজগুলোর সর্বোচ্চ আসনসংখ্যা হবে ২৩০। এই সিরিজের আগের বিমানগুলোর সর্বোচ্চ আসনসংখ্যা ছিল ১৭২ থেকে ২২০। স্বল্প থেকে মাঝারি পর্যায়ের দূরত্বে যাতায়াতে বোয়িংয়ের এ বিমানগুলো বেশি ব্যবহৃত হয়। ইতিমধ্যে ১০টি বিমান সংস্থা এই মডেলের ২৪০টি কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি করেছে।

বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিশ মুলেনবার্গ বিবিসিকে বলেন, ৭৩৭ ম্যাক্স টেন গ্রাহকদের সেবা দেওয়ার সুযোগকে আরও বিস্তৃত করবে।

৭৩৭ সিরিজের জনপ্রিয়তার কারণে এগুলোর উৎপাদন বাড়িয়েছে বোয়িং। বর্তমানে প্রতি মাসে গড়ে এই সিরিজের ৪৭টি বিমান তৈরি করছে প্রতিষ্ঠানটি, যা আগে ছিল ৪২।