৭৪ হাজার কোটি টাকার নতুন এডিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের নিজস্ব উন্নয়ন প্রকল্পের বরাদ্দ অন্তর্ভুক্ত করে ২০১৩-২০১৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করা হয়েছে। অনুমোদিত এডিপির আকার দাঁড়িয়েছে ৭৩ হাজার ৯৮৪ কোটি টাকা। এর মধ্যে স্থানীয় মুদ্রায় ৪১ হাজার ৩০৭ কোটি টাকা জোগান দেওয়া হবে। আর প্রকল্প-সাহায্য হিসেবে ২৪ হাজার ৫৬৩ কোটি টাকা পাওয়া যাবে। এ ছাড়া স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে আট হাজার ১১৪ কোটি টাকা।রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় এই নতুন এডিপি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।তবে প্রায় ৭৪ হাজার কোটি টাকার এডিপি নেওয়া হলেও খাতওয়ারি বরাদ্দের আনুপাতিক হার হিসাব করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ অনুযায়ী। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের এডিপি তৈরির জন্য অর্থ মন্ত্রণালয়ের বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি ৬৫ হাজার ৮৭০ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ রেখেছিল। পরিকল্পনা কমিশন সেই বরাদ্দ অনুযায়ী অন্য বছরের মতো এডিপি প্রণয়ন করলেও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন খরচ হিসাবে এনেছে। ফলে এডিপির আকার বড় হয়ে গেছে।কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের প্রকল্প পরিকল্পনা কমিশনের নজরদারিতে থাকবে না বলে বরাদ্দ হিসাব করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের ঠিক করে দেওয়া বরাদ্দ অনুযায়ী। আগামী অর্থবছরের এডিপি বাস্তবায়নের হারও হিসাব করা হবে অর্থ মন্ত্রণালয়ের এই বরাদ্দ ধরে।নতুন এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা এক হাজার ১৭৬। এর মধ্যে ২০১২-১৩ অর্থবছরের সংশোধিত এডিপি থেকে স্থানান্তরিত প্রকল্পের সংখ্যা ৯৯৬টি, বরাদ্দসহ নতুন প্রকল্প ৫০টি এবং স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের নিজস্ব অর্থায়নের প্রকল্প ১৩০টি। এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্পের সংখ্যা ৬৬১টি। আগামী অর্থবছরে সম্ভাব্য সমাপ্য প্রকল্পের সংখ্যা ৩০৫।নতুন এডিপিতে ১৭টি খাতওয়ারি বরাদ্দের বাইরে উন্নয়ন-সহায়তা হিসেবে মোট এক হাজার ৯৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে বিশেষ প্রয়োজনে সহায়তা বা থোক বরাদ্দ হিসেবে রাখা হয়েছে ৪৫৪ কোটি ৪৪ লাখ টাকা। এ ছাড়া সিটি করপোরেশনে ২০০ কোটি টাকা, জেলা পরিষদে ৩৫০ কোটি টাকা, পৌরসভায় ৩৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।এনইসির সভা শেষে নতুন এডিপি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার ও পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভুঁইয়া সফিকুল ইসলাম।পরিকল্পনাসচিব বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ব্যয়ও উন্নয়ন ব্যয়। তাই এ বছর নাটকীয়ভাবে এডিপির আকার বেড়েছে। এত দিন এই হিসাব এডিপিতে অন্তর্ভুক্ত না করার বি ষয়টি যথাযথ হয়নি।পদ্মা সেতুতে বরাদ্দ সম্পর্কে তিনি জানান, বিদেশি সহায়তার উৎস হিসেবে এক হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ আসবে মূলত ভারতীয় অনুদান থেকে। এনইসির সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।