৭৫ হাজার টন সার কেনা হবে
৭৫ হাজার টন ইউরিয়া সার আমদানির তিনটি আলাদা প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ে গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মোট সারের মধ্যে ২৫ হাজার করে দুই দফায় ৫০ হাজার টন সার আসবে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। আর মংলা বন্দরের মাধ্যমে আসবে বাকি ২৫ হাজার টন। কাজ পেয়েছে দেশ ট্রেডিং এজেন্সি নামের একটি প্রতিষ্ঠান। এতে ১৯৬ কোটি টাকা ব্যয় হবে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে ৪৫৫ কোটি টাকার মোট সাতটি ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়।
অনুমোদিত অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ঢাকা ওয়াসার পদ্মা (জশলদিয়া) পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের পুরো কাজ তদারকির জন্য পরামর্শক নিয়োগ। এতে ব্যয় হবে ২২ কোটি ২৬ লাখ টাকা।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া গোবিন্দপুর রাস্তায় তুলাতুলি নদীর ওপর ৪৪০ মিটার দীর্ঘ গার্ডার ব্রিজের নির্মাণকাজের ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব এবং ঢাকা সিটি করপোরেশনের ধলপুর ক্লিনার্স কলোনিতে পাঁচটি ১০ তলা ভবন নির্মাণকাজের ঠিকাদারও নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়।
এ ছাড়া ৯৯ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জে ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী’র ১০ তলা একাডেমিক ভবন-১ নির্মাণকাজের ঠিকাদার নিয়োগ দেওয়া হয় ক্রয় কমিটির বৈঠকে।