৭৫০ কোটি টাকা ছাড়াল লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যসূচকের বড় ধরনের উত্থানের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন গতকাল দিনের শেষে ৭৫০ কোটি টাকা ছাড়িয়েছে।
বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। সোমবার কয়েকজন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। আজ (গতকাল) সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সার্বিকভাবে রাজনৈতিক পরিস্থিতি ইতিবাচক ধারায় যেতে পারে বলে আশা করছেন বিনিয়োগকারীরা। তাই নতুন করে অনেকে বাজারে সক্রিয় হয়েছেন, যার প্রভাব দেখা যাচ্ছে বাজারে।
ডিএসইতে গতকাল ৭৮৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা সোমবারের চেয়ে ২০৮ কোটি টাকা বেশি। এটি ডিএসইতে প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৫ আগস্ট ডিএসই ৮২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে ডিএসইতে। দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২ দশমিক ৩৮ শতাংশ বা ১০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩৮১ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত ছিলআটটির।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৬৩ পয়েন্টে।
সিএসইতে গতকাল ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ১৭০টিরই দাম বেড়েছে, কমেছে ৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
দিনের শেষে গতকাল সিএসইতে ৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা সোমবারের চেয়ে ১৭ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
আগের দিনে মতো গতকালও ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল। এই প্রতিষ্ঠানের ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া জেনারেশন নেক্সট ফ্যাশন, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, পদ্মা অয়েল, ইউসিবিএল, যমুনা অয়েল, বেক্সিমকো, বেঙ্গল উইন্ডসর প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।