৭৫০ পোশাক কারখানার মধ্যে ১৪টি 'ঝুঁকিপূর্ণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত দেশের ৭৫০টি তৈরি পোশাক কারখানার মধ্যে ১৪টিকে বিশেষ ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশি তৈরি পোশাকের ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ (অ্যাকর্ড)৷ এই ১৪টি কারখানার মধ্যে মাত্র চারটি কারখানার উৎপাদন অ্যাকর্ডের সুপারিশে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
পোশাক কারখানা পরিদর্শনের দ্বিতীয় প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়েছে৷ রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার অ্যাকর্ডের বাংলাদেশ নির্বাহী পরিচালক রব ওয়েজ প্রতিবেদনের সারমর্ম তুলে ধরেন। এতে আরও উপস্থিত ছিলেন অ্যাকর্ডের প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্র্যাড লয়েন, অ্যাকর্ডের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক অ্যালান রবার্টস।
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত অ্যাকর্ডের পরিদর্শক দল মোট ৭৫০টি কারখানা পরিদর্শন করেছে। পরিদর্শনে মূলত তিনটি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়৷ এগুলো হলো, কারখানাগুলোর বৈদ্যুতিক সংযোগব্যবস্থা, অগ্নিনির্বাপণব্যবস্থা ও ভবনে অবকাঠামোর নিরাপত্তা পর্যবেক্ষণ।
প্রতিবেদন অনুসারে, মাত্র ১৪টি কারখানাকে অ্যাকর্ডের পরিদর্শক দল ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, যা পরিদর্শনকৃত কারখানার ২ শতাংশেরও কম। এই ১৪টির মধ্যে সাতটি কারখানায় সক্ষমতার চেয়ে বেশি ওজনের পণ্য ও যন্ত্রপাতি থাকায় উৎপাদন বন্ধ না করেই এসব ভবনে থাকা অধিক ওজনের পণ্য সরিয়ে ফেলার সুপারিশ করা হয়েছে। আর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত অপর তিনটি কারখানাকে অন্যত্র সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়েছে। মাত্র চারটি বন্ধ করা হয়েছে৷
তবে সংবাদ সম্মেলনে বারবার চাওয়া হলেও ঝুঁকিপূর্ণ কারখানাগুলোর তালিকা প্রকাশ করেননি অ্যাকর্ডের কর্মকর্তারা৷ বরং ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে বলে তাঁরা জানান৷ কিন্তু রাত নয়টা পর্যন্ত ওয়েবসাইটে এই প্রতিবেদন দেওয়া হয়নি৷
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যে অ্যাকর্ডের অর্জন অনেক। কারখানা পরিদর্শনের পাশাপাশি ৫০টি কারখানার পরিদর্শন প্রতিবেদন ও সংশোধনমূলক কর্মপরিকল্পনা তারা তৈরি করেছে। অ্যাকর্ডের প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্র্যাড লয়েন বলেন, অ্যাকর্ড একদিকে কারখানাগুলোর তিন রকমের নিরাপত্তা-ঝুঁকি যেমন বের করে আনছে৷ পাশাপাশি এগুলো সমাধানের উপায়ও দিয়ে দিচ্ছে, যা অনেক কারখানা ইতিমধ্যে বাস্তবায়ন করেছে।
প্রসঙ্গত, গত বছরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের পর বিদেিশ ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর ওপর বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে নিরাপত্তার জন্য কাজ করতে আইএলও, আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী চাপ তৈরি করে।
এরই ধারাবাহিকতায় ১৩ মে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের ব্র্যান্ড এবং আন্তর্জাতিক শ্রমিকসংগঠন ইন্ডাস্ট্রিঅল, ইউএনআই গ্লোবাল ও বাংলাদেশ শ্রমিক সংগঠনগুলো একটি চুক্তি করে এই জোট বা অ্যাকর্ড গঠন করে। আইএলও অ্যাকর্ডের স্বতন্ত্র সভাপতি হিসেবে কাজ করছে। এখন পর্যন্ত ১৮০টির বেশি ক্রেতাপ্রতিষ্ঠান ও ব্র্যান্ড এই চুক্তিতে স্বাক্ষর করেছে। তাদের কাছ থেকে বছরে ৪৫ থেকে ৪৮ মিলিয়ন ডলার পাওয়া যাচ্ছে অনুদান হিসেবে৷
কারখানা পরিদর্শন প্রতিবেদনের সারমর্ম বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সব কারখানার ত্রুটি প্রায় একই রকম। অনেক ভবনের কাঠামোগত সমস্যা আছে। কোনো কারখানায় সক্ষমতার চেয়ে বেশি ওজনের পণ্য ও যন্ত্রপাতি রাখা হয়েছে। কোথাও বৈদ্যুতিক তারের সংযোগগুলো নিরাপদ নয়, পর্যাপ্ত ফায়ার অ্যালার্ম নেই। অনেক কারখানার বহির্গমন সিঁড়ি প্রশস্ত নয়। বহির্গমন দরজায় কলাপসিবল গেটে তালা দেওয়া যায়, যা খুবই অমানবিক।
ব্র্যাড লয়েন বলেন, কারখানাগুলোয় যেসব সংস্কার করতে হবে, সেসবের মধ্যে রয়েছে ভবনের অতিরিক্ত ভার কমানো, নিগর্মনপথে পণ্য থাকলে তা সরানো, প্রত্যেক তলায় দেড় ঘণ্টা আগুন-সহনশীল এমন দরজা স্থাপন, জরুরি নির্গমনপথে দরজা অপসারণ করে ফায়ার ডোর লাগানো, এ ছাড়া স্প্রিংকলার (একধরনের অগ্নিনির্বাপকযন্ত্র) এবং অটোমেটিক ফায়ার অ্যালার্ম স্থাপন।
সংবাদ সম্মেলনে অ্যাকর্ডের কারখানা পরিদর্শন-প্রক্রিয়ার ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়। দেশি ও বিদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধিদল অ্যাকর্ড পরিদর্শকদের সঙ্গে ২৪ জুন চারটি কারখানা পরিদর্শন করে বলে জানান রব ওয়েজ।
সাময়িকভাবে বন্ধ থাকা কারখানাগুলোর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের ব্যাপারে অ্যাকর্ডের ভূমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে রব ওযেজ বলেন, যেসব কারখানা সাময়িকভাবে বন্ধ থাকবে ওই কারখানার শ্রমিকদের চাকরি ও বেতনের ব্যাপারে এর সঙ্গে যুক্ত ব্র্যান্ডগুলোর কারখানার মালিকদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত কর্মীদের সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বেতন দেওয়ার বিষয়টি নিশ্চিত করবে। এর মধ্যে কারখানার কর্মপরিবেশ উন্নত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে কারখানার মালিকদের।