৭৭ শতাংশ তৈরি পোশাক কারখানা পরিদর্শন শেষ
সারা দেশে তৈরি পোশাক কারখানা আছে ৩ হাজার ৫০৮টি। এর মধ্যে ২২ মার্চ পর্যন্ত ২ হাজার ৭০৩টি বা ৭৭ দশমিক ০৫ শতাংশ কারখানার অগ্নি, বিদ্যুৎ ও ভবনের কাঠামোগত পরিদর্শন কাজ শেষ হয়েছে। পরিদর্শন সম্পন্ন হওয়া এসব কারখানার মধ্যে ঝুঁকিপূর্ণ বিবেচনায় এখন বন্ধ হয়েছে ৩২টি। অর্থাৎ ঝুঁকিপূর্ণ কারখানা মাত্র ১ দশমিক ১৮ শতাংশ।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এ দেশীয় কার্যালয়ের এপ্রিল ২০১৫ মাসের নিউজ লেটারে এসব তথ্য দেওয়া হয়েছে। এটি গত সপ্তাহে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, রানা প্লাজা ধসের দুই বছর পূর্ণ হওয়ার আগেই পরিদর্শন কাজ শেষ করতে গত জানুয়ারিতে দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রেতাদের দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স এবং সরকার ও আইএলওর উদ্যোগে মালিক–শ্রমিক ও সরকারের সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তি বা এনটিপিএ অধীনে পোশাক কারখানা পরিদর্শন হচ্ছে। অ্যালায়েন্স তাদের নিবন্ধিত ৬৪৭টি কারখানার সবগুলোতে পরিদর্শন শেষ করেছে। অ্যাকর্ডের পরিদর্শনও শেষ পর্যায়ে। তারা এখন পর্যন্ত ১ হাজার ২৫০টিতে পরিদর্শন সম্পন্ন করেছে। আর এনটিপিএর দেড় হাজারের মধ্যে অর্ধেকের কিছু বেশি কারখানা পরিদর্শন হয়েছে। অবশ্য আইএলওর প্রতিনিধিরা সম্প্রতি অভিযোগ করেছেন, মালিকদের অসহযোগিতায় পরিদর্শন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আইএলওর নিউজ লেটারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক সম্প্রতি শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু এবং ২০১৩ সালের জুন থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত কারখানা পরিদর্শকের সংখ্যা ৯২ থেকে ২৭০-এ উন্নীত করার তথ্য তুলে ধরা হয়েছে। এতে আরও জানানো হয়, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএসি) ও আইএলওর যৌথ উদ্যোগে গঠিত ‘বেটার ওয়ার্ক বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পে এ পর্যন্ত ৩০ কারখানা নিবন্ধন করেছে। এসব কারখানা ১৩টি ক্রেতা প্রতিষ্ঠানের পোশাক তৈরি করে। আর কারখানাগুলোতে কাজ করেন ৫৪ হাজার শ্রমিক, যার মধ্যে ৬২ শতাংশ নারী। এ ছাড়া পোশাকশিল্পের সাড়ে ৭ লাখ শ্রমিককে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।