৭৮ কনটেইনার 'যন্ত্র' খালাস অস্তিত্বহীন কারখানার নামে!

শুল্ক গোয়েন্দার হাতে ১৩৪ কোটি টাকার চোরাচালান পণ্য আটক হওয়ার আগে চট্টগ্রাম বন্দর দিয়ে ৭৮ কনটেইনার কারসাজি করে খালাস করে নিয়ে গেছেন সেই আমদানিকারক। মোট ১৫টি চালানে প্রাণিখাদ্য তৈরির যন্ত্রপাতির নামে এসব কনটেইনার খালাস হয়েছে। বন্দর থেকে বের করে নেওয়ার আগে এসব কনটেইনার স্ক্যানিং করা বাধ্যতামূলক হলেও তা করেননি কাস্টমস কর্মকর্তারা।
যে কারখানা দুটির নামে এসব কনটেইনার আমদানি হয়েছে, সেই ঠিকানায় কোনো কারখানার অস্তিত্ব মেলেনি। আর কারখানার পক্ষে পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান রাবেয়া অ্যান্ড সন্সের নগরের আগ্রাবাদ ও ধনিয়ালাপাড়ার দুটি ঠিকানায় গতকাল সরেজমিনে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এমন অস্তিত্বহীন দুটি প্রতিষ্ঠানের নামে ১১ মাস ধরে শুধু যন্ত্র আমদানি হলেও কারও সন্দেহের মধ্যে ছিল না। শুল্ক গোয়েন্দা, কাস্টমস ও বন্দরের নথিপত্র এবং সরেজমিনে এসব তথ্য পাওয়া গেছে।
খালাস করে নেওয়া ৭৮ কনটেইনারে সন্দেহজনক কী পণ্য ছিল, তা নিয়ে এখন আলোচনা চলছে। কারণ, আমদানিকারক প্রতিষ্ঠানের কারখানার অস্তিত্ব না থাকায় কোনো যন্ত্র আমদানি হয়নি বলে তা অনুমান করছেন শুল্ক গোয়েন্দারা। আবার বাধ্যতামূলক হওয়ার পরও স্ক্যানিং না হওয়ায় এতে কাস্টমস কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ নিয়ে আলাদা তদন্ত শুরু করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
অনুসন্ধানে জানা যায়, ঢাকার ডুমনি খিলক্ষেত এলাকার ৭ নম্বর ওয়ার্ডে ‘হিনান আনহুই এগ্রো এলসি’ (চীনের দুটি প্রদেশের নামে নামকরণ) এবং কেরানীগঞ্জের আবদুল্লাহপুরের চরগলগলিয়া এলাকার ‘এগ্রো বিডি অ্যান্ড জেপি’ এই দুই প্রতিষ্ঠানের নামে ৭৮টি কনটেইনার খালাস করে নেওয়া হয়েছে। এ দুটি প্রতিষ্ঠানের কর্ণধার খোরশেদ আলম। তবে কারসাজি করে ৭৮ কনটেইনার খালাস নিলেও শেষ পর্যন্ত গোয়েন্দাজালে আটকা পড়ে ওই দুই প্রতিষ্ঠানের ১২টি কনটেইনার পণ্য। যন্ত্রপাতির নামে আমদানি করা এই ১২ কনটেইনার খুলে গত সোম ও মঙ্গলবার ১৩৪ কোটি টাকার সিগারেট, মদ, টেলিভিশন ও ফটোকপি যন্ত্র পান শুল্ক গোয়েন্দারা। এই ঘটনা ধরা পড়ার পর এর আগে ৭৮ কনটেইনার খালাস নেওয়ার তথ্য ফাঁস হয়।
নথি অনুযায়ী, আইএফআইসি ব্যাংকের পুরানা পল্টন শাখায় প্রতিষ্ঠান দুটির নামে হিসাব খোলা হয় ২০১৫ সালের ২৬ এপ্রিল। হিসাব খোলার পর ‘এগ্রো বিডি অ্যান্ড জিপি’ কারখানার নামে গত বছরের এপ্রিলে ছয় কনটেইনারের প্রথম চালান আমদানি করেন খোরশেদ আলম। ঘোষণা ছিল মাত্র ২৭ হাজার ২১০ মার্কিন ডলারের প্রাণিখাদ্যের যন্ত্র। চীনের জমরাজ ইন্ডাস্ট্রিজ নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে এই পণ্য সিঙ্গাপুর হয়ে চট্টগ্রামে আনা হয়। এতে পণ্য খালাসে যুক্ত ছিল চট্টগ্রামের রাবেয়া অ্যান্ড সন্স। ‘ওইএল লঙ্কা’ নামের জাহাজ থেকে কনটেইনার নামানোর পর স্ক্যানিং ছাড়াই খালাস করে নেন আমদানিকারক।
আটকা পড়া চালানটির আগে সর্বশেষ চালানে ছয়টি কনটেইনার ‘এমভি ওয়াইএম ইমেজ’ জাহাজ থেকে ২৭ জানুয়ারি বিকেল ৩টা ৪০ মিনিটে নামানো হয়। এক দিন পরই এই চালান শুল্কায়ন হয়। শুল্কায়নের দুই দিন পর গত ১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় তা কনটেইনারসহ খালাস নেওয়া হয়। বাধ্যতামূলক হলেও স্ক্যানিং হয়নি।
এভাবে ১৫টি চালানে ৭৮ কনটেইনার খালাস নেওয়া হয়। এ জন্য ব্যাংকিং চ্যানেলে পাঠানো হয় প্রায় চার লাখ ডলার। সব কটি চালানের রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট একই। ঋণপত্রও খোলা হয় একই ব্যাংক থেকে। চীনের রপ্তানিকারক প্রতিষ্ঠান হলেও পণ্য বোঝাই হয় সিঙ্গাপুর থেকে।
অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে কীভাবে ঋণপত্র খোলা হয়েছে জানতে চাইলে আইএফআইসি ব্যাংকের ঢাকার নয়াপল্টন শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মেহেদী হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, ব্যাংকে হিসাব খোলার পর কর্মকর্তারা সরেজমিনে ওপরে টিনশেডের ছাউনিযুক্ত কারখানার প্রাথমিক কাঠামো দেখতে পান। এরপরই এই প্রতিষ্ঠানের নামে ঋণপত্র খোলা হয়।
তবে কেরানীগঞ্জ ও খিলক্ষেতের ঠিকানায় গিয়ে কোনো কারখানার অস্তিত্ব পাননি শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, ‘অধিদপ্তরের একটি দল ঠিকানা অনুযায়ী কোনো কারখানা দেখতে পায়নি। কারখানা না থাকায় ধরা পড়া চালানটির মতো ৭৮ কনটেইনারে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে বলে অনুমান করছি। তবে এত বড় জালিয়াতির পেছনে আমদানিকারকের নেপথ্যে বড় কোনো চক্র রয়েছে, যাদের ধরার চেষ্টা চলছে।’
বন্দর ব্যবহারকারীরা জানান, কাস্টমস কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া স্ক্যানিং না করে ৭৮ কনটেইনার খালাস করা সম্ভব নয়। এ বিষয়ে কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান বলেন, যন্ত্রপাতি আমদানির ঘোষণা দেওয়ায় সাধারণত রাজস্ব কর্মকর্তা পর্যায়ে এসব চালান শুল্কায়ন হয়ে যায়। তবে স্ক্যানিং না করার পেছনে যারাই জড়িত বলে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।