৭৮টি কারখানার সদস্যপদ বাতিল
৭৮টি পোশাক কারখানার সদস্যপদ বাতিল করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এ ছাড়া যেসব কারখানা সংস্কারে পিছিয়ে আছে, সেগুলোর মালিকদের সঙ্গে কাল বুধবার থেকে বৈঠকে বসবেন সংগঠনের নেতারা।
বিজিএমইএর পরিচালনা পর্ষদের বৈঠকে গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান।
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান বলেন, ‘টানা তিন বছর সংগঠনের চাঁদা না দিলে আমরা সদস্যপদ বাতিল করি। এ জন্য ৭৪ কারখানাকে বাদ দেওয়া হয়েছে। এগুলো দীর্ঘদিন ধরেই উৎপাদনে নাই। বাকি চার মালিক কারখানা চালাবেন না বলে জানানোর পর তাঁদেরও বাদ দেওয়া হয়।’
বিজিএমইএর নেতারা জানান, ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড সংস্কারকাজে পিছিয়ে থাকা ৫২২ কারখানার নামের তালিকা সম্প্রতি বিজিএমইএকে দেয়। কেন কারখানাগুলো পিছিয়ে আছে, সেই কারণ জানতেই সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত হয়। সংস্কারকাজে অগ্রগতি শূন্য থেকে ১০ শতাংশ—এমন প্রায় ২০০ কারখানা মালিকের সঙ্গে কাল বুধবার বসবেন বিজিএমইএর নেতারা। এ ছাড়া বায়োমেট্রিক তথ্যভান্ডারে সদস্য কারখানাগুলোর যুক্ত হওয়ার সময় বৃদ্ধি করা নিয়েও আলোচনা হয়।