৭৯ হাজার কোটি টাকার এডিপি পাস হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৪-১৫ অর্থবছরের জন্য বিশাল বার্ষিক উন্নয়ন কর্মসূ​িচ (এডিপি) পাস করতে যাচ্ছে সরকার। পরিকল্পনা কমিশনে ৭৯ হাজার ৩১ কোটি টাকার এডিপির প্রস্তাব আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদনের জন্য উঠছে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত এডিপিতে সরকার নিজস্ব তহবিল থেকে ৫১ হাজার ৩৩১ কোটি টাকা জোগান দেবে, যা মূল এডিপির প্রায় ৬৫ শতাংশ। প্রকল্প সাহায্য হিসেবে ২৭ হাজার ৭০০ কোটি টাকা প্রাপ্তির প্রাক্কলন করা হয়েছে। ​এটি এডিপির ৩৫ শতাংশ।

প্রস্তাবিত এডিপি চলতি অর্থবছরের মূল এডিপির ১৭ শতাংশ বড়। এ বছর মূল এডিপির আকার ছিল ৬৫ হাজার ৮৭২ কোটি টাকা। পরে এপ্রিল মাসে তা সংশোধন করে ৬০ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।

আগামী এডিপিতে এক হাজার ৩৪টি প্রকল্প রয়েছে। এ ছাড়া, বরাদ্দহীন ও অননুমোদিত হিসেবে ৬৮১টি প্রকল্প সবুজ পাতায় তালিকাভুক্ত করা হচ্ছে।

জানা গেছে, আগামী এডিপিতে এককভাবে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন খাত। সড়ক, রেল ও সেতু বিভাগ মিলে মোট ১৮ হাজার ৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, যা এডিপির প্রায় ২৩ শতাংশ বরাদ্দের সমান। এ খাতে বহুল আলোচিত ও দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর জন্য বরাদ্দ রাখা হচ্ছে আট হাজার ১০০ কোটি টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ নয় হাজার ৪০৩ কোটি টাকা রাখা হচ্ছে শিক্ষা খাতে। আর বিদ্যুৎ মন্ত্রণালয়কে দেওয়া হচ্ছে প্রায় নয় হাজার ৩০০ কোটি টাকা।

চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয় মূল এডিপিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের ১৫৩টি প্রকল্পের বিপরীতে এবার পাঁচ হাজার ৬৮৫ কোটি টাকা রাখা হচ্ছে।