৮ বছর পর আবার লাভের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি

ভোলা জেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি আধুনিক কম্বাইন্ড হারভেস্টারে ধান কাটা ও মাড়াইয়ের সুযোগ পাওয়ায় কৃষকের খরচ কমেছে। বাজারে মিলছে বাড়তি দাম। ফলে সাত-আট বছর পর প্রথমবারের মতো বোরো আবাদে লাভের মুখ দেখলেন ভোলার কৃষকেরা। গত এক সপ্তাহ দেশের দক্ষিণাঞ্চলীয় এই জেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন তথ্যই পাওয়া গেছে।

ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভোলায় চলতি বছরে বোরোর আবাদ হয়েছে ৫৭ হাজার ৬৫ হেক্টরে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ হাজার ৫৪৭ হেক্টর বেশি। লক্ষ্যমাত্রা ছিল ৪১ হাজার ৫১৮ হেক্টর। এবার ফলনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। প্রতি হেক্টরে গড় লক্ষ্যমাত্রা ছিল সাড়ে পাঁচ মেট্রিক টন। ফলন হয়েছে ছয় মেট্রিক টনের বেশি। সব মিলিয়ে ভোলায় এবার ৩ লাখ ৩৪ হাজার ৯৩৪ মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৬৬৯ কোটি ৮৭ লাখ টাকা।

ভোলা সদর উপজেলার পশ্চিম চরকালি বিলের কৃষক মো. মহসিন জানান, এ বছর ২৭ শতাংশ জমিতে তিনি বিরি-৭৪ জাতের ধানের চাষ করেছেন। ফলন পেয়েছেন ২২ মণ। জমি লগ্নি, চাষ, সেচ, বীজতলা তৈরি, ধান লাগানো, আগাছা বাছাই, সার-ওষুধ ক্রয়, ধান কাটা ও মাড়াই-ঝাড়াই পর্যন্ত তাঁর মোট খরচ হয়েছে ৭ হাজার টাকা। খেতেই পাঁচ মণ ধান ৭৫০ টাকা মণ দরে বিক্রি করে ৩ হাজার ৭৫০ টাকা পেয়েছেন। বাকি ১৭ মণ বর্তমান ৮৫০ টাকা ধরে বিক্রি করলেও পাবেন ১৪ হাজার ৪৫০ টাকা। এতে দেখা যায়, ধান বিক্রি করে তিনি কমপক্ষে ১৮ হাজার ২০০ টাকা পাচ্ছেন। ফলে ৭ হাজার টাকা খরচে লাভ হচ্ছে ১১ হাজার ২০০ টাকা।

ভোলা সদর উপজেলার মাঝিরহাট এলাকার আবুল বাশার জানান, এবারে বিরি-৭৪ জাতের বোরো ধান চাষ করে একর প্রতি তাঁর লাভ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। একই এলাকার হযরত আলী অবশ্য প্রতি একরে ৩০ হাজার টাকা লাভ হওয়ার কথা জানান। আবার হাজিরহাটের কৃষক হেলালউদ্দিন জানান, একরপ্রতি তাঁর প্রায় ২৪ হাজার টাকা লাভ হয়েছে। প্রতি একর সর্বোচ্চ ৪৫ হাজার টাকা লাভের তথ্য জানান চরসামাইয়ার বোরোচাষি মো. সেলিম।

ভোলা জেলায় এ বছর এই প্রথম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার দিয়েছে। এতে কৃষকদের ধান উৎপাদন খরচ অনেক কমেছে। সে জন্য এটি ব্যবহারে বাড়তি চাহিদা লক্ষ করা গেছে। সদর উপজেলার দক্ষিণ চরপাতা বিলের কৃষক আ. জলিল, সফিকুল ইসলাম ও সামুদ্দিন জানান, তাঁরা কম্বাইন্ড হারভেস্টারের অভাবে দিনমজুর কিংবা চরকা দিয়ে ধান কাটিয়েছেন। এতে প্রতি গন্ডা (৮ শতাংশে) জমিতে তাঁদের ৪০০-৫০০ টাকা কম লাভ হয়েছে। কারণ, কম্বাইন হারভেস্টারে ধান কাটা-মাড়াই-ঝাড়াইয়ে খরচ অর্ধেক হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকায় প্রথম কম্বাইন হারভেস্টার যন্ত্রটি কেনেন সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সফিকুল ইসলাম মিজি। তিনি জানান, ১২ দিনে প্রায় ৯০ একর জমির বোরো ধান কেটে ৪ লাখ টাকা আয় করেছেন। জ্বালানি তেল, চালকসহ আনুষঙ্গিক খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। এ ছাড়া গম কেটেও তিনি এ বছর ভালো আয় করেছেন।

এদিকে ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু এনায়েত উল্লাহ বলেন, বোরো চাষে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে। এতে মিষ্টি পানির সংকট বাড়ছে। আগাম জোয়ার ও বন্যায় লবণাক্ত পানি উঠেও বোরো ধানের ক্ষতি হয়। এত কিছুর পরও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।