৮ বছর পর ভারতের সঙ্গে যৌথ বাণিজ্য কমিশনের বৈঠক
আট বছর পর ভারতের সঙ্গে যৌথ বাণিজ্য কমিশনের (জেটিসি) বৈঠক হচ্ছে। বাণিজ্যসচিব গোলাম হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল সোমবার নয়াদিল্লি গেছেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, আগামীকাল বুধ ও পরের দিন বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভারতীয় সচিবদের সঙ্গে দিল্লিতে বৈঠক করবে এই দল। পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ-মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা এই দলে রয়েছেন। উভয় দেশের ব্যবসা-বাণিজ্য সমপ্রসারণ নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। তবে আলোচ্যসূচিতে না থাকলেও বৈঠকে বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তি ও ট্রানজিট স্থান পাবে বলে সমপ্রতি এ বিষয়ে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রস্তুতিমূলক বৈঠক সূত্রে জানা গেছে। জেটিসির বৈঠক নিয়ে এর আগে বাণিজ্যসচিব গোলাম হোসেন প্রথম আলোকে বলেছিলেন, ‘দুঃখজনক যে আট বছর ধরে জেটিসির বৈঠক হয় না। এটি নিয়মিত হলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ই আলোচনার মাধ্যমে সুরাহা করা যেত।’ এদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য চুক্তিটি শেষ পর্যন্ত তিন বছরের জন্যই নবায়ন হচ্ছে। ৩১ মার্চ এ চুক্তির মেয়াদ শেষ হবে। বিনিময়পত্রের মাধ্যমে (নোট অব ভার্বাল) চুক্তির মেয়াদ নবায়নের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। কোনো পরিবর্তন না থাকলে এভাবেই তা করা হয়। যদিও ভারত সম্প্রতি প্রস্তাব দিয়েছিল, বাংলাদেশের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য এবং তার নবায়ন স্বয়ংক্রিয়ভাবে করার জন্য। তবে বাংলাদেশ এতে রাজি হয়নি। আবার ভারতের প্রস্তাবও হুবহু মেনে নেয়নি। ১৯৮০ সালের ৪ অক্টোবর ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিটি স্বাক্ষরিত হয়, যা তিন বছর পর পর নবায়ন হয়ে আসছে। ২০০৯ সালে সর্বশেষ নবায়নপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশের তৎকালীন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি। তার আগে ২০০৬ সালের ২১ মার্চ তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান ও ভারতীয় বাণিজ্যমন্ত্রী কমল নাথ নবায়নপত্রে স্বাক্ষর করেছিলেন।সূত্র জানায়, এ দফায় চুক্তিটির মেয়াদ প্রথমে ছয় মাস থেকে এক বছর বাড়ানোর চিন্তা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল পরে নতুন চুক্তি করা। কারণ, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন নিয়ে সরকার যে কাজ করছে, বিদ্যমান বাণিজ্য চুক্তির আওতায় সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ কম। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রানজিট। আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবে ভারতের পাশাপাশি নেপাল এবং ভুটানকেও পূর্ণাঙ্গ ট্রানজিট দিতে এরই মধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, নতুন চুক্তির পরিবর্তে ভারতের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তির নবায়ন নেপাল ও ভুটানকে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করতে পারে। এ বিষয়ে বাণিজ্যসচিব গোলাম হোসেন এর আগে প্রথম আলোকে বলেছিলেন, ‘ট্রানজিটকে জড়িয়ে কথা বলতে গেলে বিদ্যমান বাণিজ্য চুক্তিটি অনেক ক্ষেত্রেই অসম্পূর্ণ। তাই আমরা নতুন বাণিজ্য চুক্তির পক্ষে। কিন্তু সময়ের অভাবে সেটি আর হচ্ছে না।’ এদিকে, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি বিষয়ে এনবিআর যে দুই সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিল, তা একদমই আমলে নেওয়া হয়নি বলে জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়কে এনবিআরের প্রস্তাব হলো: প্রথমত, চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সব প্রটোকল ও স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউরগুলো (এসওপি) বাণিজ্য চুক্তির অংশ হিসেবে সংযুক্ত করা যৌক্তিক হবে। দ্বিতীয়ত, যেহেতু পূর্ণাঙ্গ ট্রানজিট দিতে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তাই বাণিজ্য চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদ সংশোধন না করে নবায়ন করা যুক্তিযুক্ত হবে না। বাণিজ্য চুক্তির আট অনুচ্ছেদে সড়ক, নৌ ও রেলপথে ট্রানজিট দেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, বাণিজ্য চুক্তির মতো বাংলাদেশ-ভারতের মধ্যকার আলোচিত নৌ-প্রটোকলের মেয়াদও শেষ হচ্ছে ৩১ মার্চ। নৌ-প্রটোকলটি বর্তমানে বাণিজ্য চুক্তির আওতায় সম্পাদিত হলেও বাণিজ্য থেকে এটিকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ের আওতায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে।