
সাভারে রানা প্লাজা ধসে ১,১৩৬ জন শ্রমিক নিহত ও কয়েক হাজার শ্রমিক আহত হওয়ার আট মাস পেরিয়ে গেলেও অন্তত ২০০ শ্রমিক এখনো নিখোঁজ। এ কারণে নিখোঁজ শ্রমিকদের পরিবার ও আত্মীয়রা যথাযথ ক্ষতিপূরণ দূরের কথা, ন্যূনতম সাহায্যও পাচ্ছে না বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।
পত্রিকাটিতে আজ বুধবার প্রকাশিত এক খবরে বলা হয়, ২৪ এপ্রিলের ঘটনায় নিহত শ্রমিকেরা মাটালান ও প্রাইমার্কের মতো বিরাট-বিরাট পশ্চিমা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর জন্য কাপড় সেলাইয়ের কাজ করত। গত কয়েক দশকে এটি বিশ্বের শিল্পখাতের ভয়াবহতম দুর্ঘটনা।
বাংলাদের প্রায় ৪০ লাখ শ্রমিক এ খাতের সঙ্গে জড়িত। দেশটির ৪০ শতাংশ রপ্তানি আয় হয় এ থেকেই। গার্মেন্ট শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্বের বড় ব্র্যান্ড, শ্রমিক সংগঠন, ক্রেতা ও স্থানীয় কর্মকর্তারা দীর্ঘদিন থেকে দাবি করে আসছেন যে, এ খাতে বড় ধরনের সংস্কার জরুরি। যদি সরকারি কর্মকর্তারা নিখোঁজ শ্রমিকদের হদিস বের করতে না পারেন এবং তাঁদের স্বজনদের যথাযথ ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হন, তবে এ খাতের কর্মকর্তাদের যোগ্যতা অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে।
দুর্ঘটনার পর সেখান থেকে প্রায় ৮০০টি মৃতদেহ উদ্ধার করা হয়। সেগুলো সত্কারের জন্য স্বজনদের তাত্ক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। পরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে প্রতি নিহতের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হয়। এর পর দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিকবান্ধব সংস্থার দাবির মুখে শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সম্প্রতি ক্লিন ক্লথস ক্যাম্পেইন নামের একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার (এনজিও) উদ্যোগে ৩২০ কোটি টাকার একটি তহবিল গঠনের উদ্যোগ শুরু হয়েছে। এতে খ্যাতনামা ব্র্যান্ড, কারখানার উদ্যোক্তা ও সরকারের সম্পৃক্ততা থাকবে বলে আশা করা হচ্ছে।
তবে নিখোঁজ শ্রমিকদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য মৃতদেহ খুঁজে বের করা এবং ডিএনএ পরীক্ষা করে স্বজনদের নিশ্চিত করা জরুরি। অথচ এজন্য বাংলাদেশ সরকারের সামর্থ্য খুবই সীমিত। জার্মান সরকারের সহায়তায় বাংলাদেশ সরকার কোনো মতে একটি ছোটখাট ডিএনএ পরীক্ষাগার চালায়। এ পরীক্ষাগারের কর্মী শরিফ আখতারুজ্জামান দ্য গার্ডিয়ানকে জানান, ঢাকার জুরাইন কবরস্থানে সমাধিস্থ ৩২৪টি মৃতদেহের মাত্র অর্ধেকের নমুনা সংগ্রহ করতে পেরেছে। তিনি অন্যান্য সমস্যার কথাও বলেন। ভবন ধসের পর অনেক মৃতদেহ ভুল ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
আখতারুজ্জামান বলেন, ‘একটি অভিযোগ তদন্ত করতে গিয়ে আমরা চারটি মৃতদেহকে কেন্দ্র করে কাজ করি। দেখা যায়, ওসবের তিনটি চলে গেছে ভুল স্বজনদের হাতে। এ থেকে সহজেই বোঝা যায়, কী পরিমাণ ভুলভ্রান্তি হয়েছে।’
অভিযোগ আছে যে, সরকার গোপনে অনেক মৃতদেহ গুম করেছে যাতে মৃতের সংখ্যা কম দেখানো যায় এবং কম ক্ষতিপূরণ দিতে হয়।
ভবন ধসের পর শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়াসহ অন্যান্য বিষয় তদারক করতে ওই এলাকাতে শ্রম মন্ত্রণালয়ের একটি দপ্তর খোলা হয়েছে। সে দপ্তরের সমন্বয়ক মাসুম বিল্লাহ জানান, নিখোঁজদের বিষয়ে কী করা হবে, তা তিনি পরিষ্কার করে জানেন না।