৮ মাসে প্রবাসী-আয় এসেছে ৯৭৭ কোটি ডলার
চলতি ২০১৫-১৬ অর্থবছরে প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ৯৭৬ কোটি ৯২ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। দেশি মুদ্রায় যা প্রায় ৭৮ হাজার ১৫৩ কোটি টাকার সমান। প্রবাসী-আয়ে বাংলাদেশ এখন বিশ্বে দশম অবস্থানে আছে।
ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার প্রবাসী-আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, দেশের প্রবাসী-আয় দুই মাস ধরে কমছে। এতে করে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় চলে গেছে।
চলতি অর্থবছরের প্রথম আট মাসে অর্জিত প্রবাসী-আয় গত অর্থবছরের একই সময়ের ৯৯১ কোটি ৯৬ লাখ ডলারের চেয়ে দেড় শতাংশ কম। সাত মাস শেষে এই প্রবৃদ্ধি ছিল প্রায় ১ শতাংশ।
চলতি অর্থবছরের জুলাইয়ে সর্বোচ্চ ১৩৮ কোটি ডলার প্রবাসী-আয় দেশে আসে। তবে সেই আয় আগের বছরের জুলাইয়ের ১৪৯ কোটি ডলারের চেয়ে ৬ দশমিক ৮৯ শতাংশ কম প্রবৃদ্ধি হয়। আগস্টে এসে জুলাইয়ের চেয়ে প্রবাসী-আয় কমে যায়, আসে ১১৯ কোটি ডলার। তবে ঈদুল আজহাকে ঘিরে সেপ্টেম্বরে ঘুরে দাঁড়ায় প্রবাসী-আয়। দেশে আসে ১৩৪ কোটি ডলারের প্রবাসী-আয়। অবশ্য পরের ছয় মাসে ১৩০ কোটি ডলার ঘর ছুঁতে পারেনি প্রবাসী-আয়।
প্রবাসী-আয় অর্জনকারী দেশ হিসেবে বাংলাদেশ এখন বিশ্বে দশম অবস্থানে আছে। ২০১৪-১৫ অর্থবছরে ৩০টি দেশের প্রবাসী-আয় প্রবাহ পর্যবেক্ষণ করে বিশ্বব্যাংক এক প্রতিবেদনে এমনটাই বলেছিল। এতে বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশে ৭৬ লাখ বাংলাদেশি বসবাস করেন। বাংলাদেশ হলো পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ, যে দেশের এত বিপুলসংখ্যক প্রবাসী রয়েছেন।