৮ লাখ কোটি টাকার বিকল্প বাজেট অর্থনীতি সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৮ লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএ)। প্রস্তাবিত এই বিকল্প বাজেট চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে প্রায় চার গুণ বড়।
সমিতির প্রস্তাবে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ, বিদ্যুৎ ও জ্বালানি এবং পরিবহন ও যোগাযোগ খাতে ব্যয় কয়েক গুণ করে বাড়ানোর কথা বলা হয়েছে। অন্যদিকে জনপ্রশাসন ও প্রতিরক্ষা ব্যয়ের অনুপাত কমিয়ে আনা হবে।
সমিতির পক্ষে গতকাল মঙ্গলবার এ বিকল্প বাজেট ঘোষণা করেন সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আবুল বারকাত ও বর্তমান সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ। বাজেট ঘোষণা উপলক্ষে রাজধানীর ইস্কাটনে নিজেদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
ঢাকাসহ আরও আটটি জেলায় সমিতির পক্ষ থেকে এ বাজেট প্রস্তাব ঘোষণা করা হয়। এ নিয়ে দ্বিতীয়বার বিকল্প বাজেট ঘোষণা করল তারা। এবারের বাজেটকে তারা ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণের’ বাজেট হিসেবে অভিহিত করছে।
আবুল বারকাত বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে এখন ১ শতাংশের দ্বারা, ১ শতাংশের জন্য ও ১ শতাংশের অর্থনীতি বলা হচ্ছে। গত ৪০ বছরে বাংলাদেশেও অঢেল বিত্ত-সম্পদ গুটি কয়েক ধনীর হাতে পুঞ্জীভূত হয়েছে। তাই দেশের অর্থনীতিকেও এখন ‘রেন্ট সিকারদের দ্বারা, রেন্ট সিকারদের জন্য ও রেন্ট সিকারদের’ অর্থনীতি বলা যায়।
যাঁরা নিজেরা কোনো সম্পদ তৈরি না করে নানাভাবে অন্যের সম্পদ হরণ করেন, তাঁদের রেন্ট সিকার হিসেবে অভিহিত করেন আবুল বারকাত। তিনি বলেন, ধনীদের মধ্যেও এখন একধরনের ‘সুপার’ ধনী তৈরি হয়েছে। এঁদের লুটপাটের প্রক্রিয়া সাম্প্রতিককালে বেড়েছে।
অর্থনীতি সমিতির প্রস্তাবিত বাজেটের মোট আকার ৮ লাখ ৮ হাজার ১৪২ কোটি টাকা। এই ব্যয়ের ৭২ শতাংশ হবে উন্নয়ন ব্যয়। বর্তমান বাজেটের উন্নয়ন ব্যয় মোট ব্যয়ের মাত্র ৩৫ শতাংশ।
সমিতির প্রস্তাব অনুযায়ী, বাজেটের মোট ব্যয়ের ৮০ শতাংশ, অর্থাৎ ৬ লাখ ৩৮ হাজার ১৪২ কোটি টাকা আসবে রাজস্ব আয় থেকে। এর ৪ লাখ ৭৮ হাজার কোটি টাকা আদায় করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে প্রায় ১ লাখ ৯০ হাজার কোটি টাকা আসবে আয়কর থেকে, ১ লাখ ৮০ হাজার টাকা মূল্য সংযোজন কর এবং ৫০ হাজার কোটি টাকা আমদানি ও সম্পূরক শুল্ক থেকে আদায় করা হবে। এনবিআরের বাইরের উৎস থেকে ৩৭ হাজার কোটি টাকার কর ও কর ব্যতীত প্রাপ্তি থেকে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা আদায়ের কথা বলেছে সমিতি। আর বাকি ২০ শতাংশ ঘাটতি মেটাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি), প্রবাসী বাংলাদেশিদের কাছে বন্ড বিক্রি, সঞ্চয়পত্র ও দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে।
বাজেটে অর্থায়নের জন্য বিদেশি সংস্থার কাছ থেকে কোনো ঋণ নিতে চায় না অর্থনীতি সমিতি, যাতে এ দেশের আর্থিক নীতিতে তারা হস্তক্ষেপ করতে না পারে।
অর্থনীতি সমিতি এ দেশে কর্মরত বিদেশি নাগরিকদের ওপর কর আরোপ, সম্পদ কর, সেবা কর, বিমান পরিবহন ও ভ্রমণ করসহ ১৩টি নতুন ক্ষেত্রে কর আরোপের মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানোর কথা বলেছে।
বাজেট প্রস্তাবের সুপারিশ অংশ পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ। তিনি শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮ শতাংশ বরাদ্দ রাখা, বিনিয়োগ বোর্ডের সংস্কার, অর্থনীতি থেকে কালোটাকা উদ্ধারসহ বিভিন্ন সুপারিশ করেন।
অর্থনীতি সমিতির চট্টগ্রামের সাধারণ সম্পাদক এ কে এম ইসমাইল নগরের প্রেসক্লাবে একই বাজেট উপস্থাপন করেন। এ সময় সমিতির সাবেক সভাপতি অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্তসহ নেতারা উপস্থিত ছিলেন।