৮ শতাংশ হারে প্রবৃদ্ধির জন্য মূল্যস্ফীতি কমাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ মনে করে, ২০১৫ সাল নাগাদ ৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের জন্য মূল্যস্ফীতিকে বর্তমান পর্যায় থেকে কমাতে হবে। সংস্থাটি চতুর্থ মাসিক অর্থনৈতিক পর্যালোচনা প্রকাশ করে এ কথা বলেছে। পর্যালোচনায় মূল্যস্ফীতির উৎস হিসেবে আন্তর্জাতিক খাদ্য মূল্যসূচক, শস্য উৎপাদন ও আমদানির ক্ষেত্রে বাংলাদেশ পরিস্থিতি এবং অর্থ সরবরাহ নিয়ে আলোচনা করা হয়েছে। জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি: পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাবের ফলে বাংলাদেশের বিগত বছরগুলোর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য এবং অর্জিত প্রবৃদ্ধির মধ্যে ঘাটতি দেখা গেছে। বিগত পঞ্চবার্ষিক পরিকল্পনায় লক্ষ্য ছিল ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা। কিন্তু মাত্র ৫ দশমিক ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছিল। ১৯৯৭ থেকে ২০০২ এই পাঁচ বছরে গড় মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ১৯ শতাংশ। কিন্তু ২০০৪-০৫ অর্থবছর থেকে ২০০৯-১০ অর্থবছর পর্যন্ত ছয় বছরে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭ শতাংশ। তাই বর্তমান ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি থেকে ২০১৪-১৫ অর্থবছরের মধ্যে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের জন্য মূল্যস্ফীতিকে বর্তমান পর্যায় থেকে কমাতে হবে এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের জন্য সহনীয় মাত্রায় তা বজায় রাখতে হবে।মূল্যস্ফীতি ও বেকারত্বের ফাঁদ: প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত মূল্যস্ফীতি কমলে বেকারত্ব বাড়ে এবং বেকারত্বের হার কমলে মূল্যস্ফীতি বাড়ে। এ কারণে নীতিনির্ধারকেরা মূল্যস্ফীতির হার ও বেকারত্বের হারের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার (ট্রেড অফ) চেষ্টা করেন। ১৯৯০-৯১ অর্থবছরের পর থেকে বিগত বছরগুলোর মধ্যে বাংলাদেশে এখন সর্বোচ্চ বেকারত্ব বিরাজমান। এই হার ৫ দশমিক ১ শতাংশ। বিগত বছরগুলোর তুলনায় গড় মূল্যস্ফীতি (পাঁচ বছর মেয়াদি) এখন প্রায় ৭ শতাংশের ওপর। মূল্যস্ফীতির প্রভাবে সীমিত আয়ের মানুষদের উপার্জন কমে যাচ্ছে। উন্নয়ন অন্বেষণের সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে বলা হয়েছিল, মূল্যস্ফীতির ফলে গড়ে প্রতি মাসে ৩৮৪ টাকা উপার্জন থেকে বঞ্চিত হচ্ছে প্রায় ২৫০ লাখ পুরুষ শ্রমজীবী। এখন তার সঙ্গে যোগ হয়েছে আয়ের উৎস হিসেবে কর্মসংস্থান সৃষ্টির অনিশ্চয়তা। এর ফলে দেশের সার্বিক আয়-বৈষম্য এবং দরিদ্রতা বাড়ার প্রবণতা দেখা দিচ্ছে।উৎপাদনের ওপর কর্মসংস্থানহীনতা বৃদ্ধির প্রভাব: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক শ্রমশক্তি জরিপ অনুসারে বর্তমানে দেশে ২৭০ লাখ লোক কর্মহীন। অর্থনীতিবিদ আর্থার ওকুনের সূত্র অনুসারে, স্বাভাবিক বেকারত্বের হার থেকে প্রকৃত বেকারত্বের হার ১ শতাংশ বৃদ্ধি পেলে মোট দেশজ উৎপাদন প্রায় ২ শতাংশ পয়েন্ট হ্রাস পায়। ১৯৯৫-৯৬ অর্থবছরকে ভিত্তি ধরে দেশে জিডিপির স্থির মূল্যে প্রবৃদ্ধি ২০১৪-১৫ অর্থবছরে ৮ শতাংশে উন্নীত করতে হলে প্রায় ২২৩৮০ বিলিয়ন টাকার সমমূল্যের দেশজ উৎপাদন বাড়াতে হবে। কিন্তু শ্রমশক্তি অব্যবহূত থাকার প্রায় ৩৫৮ বিলিয়ন টাকার উৎপাদন হ্রাস হতে পারে। তাই, যদি দেশে কর্মসংস্থানের সুযোগ দ্রুত বাড়ানো না যায়, তাহলে আগামী পাঁচ বছরে গড়ে প্রায় ১১৯ বিলিয়ন টাকা দেশজ উৎপাদন হ্রাস পেতে পারে।মূল্যস্ফীতির বর্তমান চিত্র: জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি হ্রাস পেয়ে ৮ দশমিক ৭২ শতাংশ পৌঁছালেও আগস্টে তা বেড়ে ৯ দশমিক ৬৪ শতাংশে উন্নীত হয়েছে। যদিও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হ্রাস পেয়ে ৩ দশমিক ৭৬ শতাংশে নেমেছে। তাই সাম্প্রতিক সময়ে খাদ্য মূল্যস্ফীতিই গড় মূল্যস্ফীতি বৃদ্ধির মূল প্রভাবক হিসেবে কাজ করছে। আগামী মাসগুলোতে খাদ্য মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। কারণ ‘বিশ্ব খাদ্য মূল্যসূচক-২০১০’ অনুযায়ী এই সূচক জুলাইয়ে ১৬৬ দশমিক ৭৩ পয়েন্ট থেকে প্রায় ৬ দশমিক ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে আগস্টে এবং সেপ্টেম্বরে তা আরও ৬ দশমিক ৪ শতাংশ হারে বেড়ে ১৮৮ দশমিক ২২ সূচকে অবস্থান করছে। বাংলাদেশে ২০০৪-০৫ অর্থবছর থেকে গড়ে প্রায় ৩০ লাখ ৪৭ হাজার মেট্রিক টন শস্য আমদানির প্রয়োজন পড়ে। সে জন্য সরকার ২০১০ সালের জুলাই-আগস্ট সময়ে ধান এবং গম মিলে প্রায় ছয় লাখ তিন হাজার টন খাদ্যশস্য আমদানি করেছে। গত ছয় বছরে শস্য উৎপাদন লক্ষ্যমাত্রা এবং প্রকৃত দেশজ শস্য উৎপাদনের মধ্যে গড়ে প্রায় ২৬ লাখ ৪৬ হাজার টন ব্যবধান। বর্তমানে দেশে খাদ্যশস্য মজুদ প্রায় সাত লাখ ৭৭ হাজার মেট্রিক টন, যা ২০০৭-০৮ অর্থবছরের পর সর্বনিম্ন। তাই এই অর্থবছরের আগামী মাসগুলোতে প্রায় ২৪ লাখ ৪৪ হাজার টন খাদ্যশস্য আমদানির প্রয়োজন হতে পারে। এই বিপুল পরিমাণ স্থানীয় খাদ্যশস্য চাহিদা মেটানোর জন্য আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে খাদ্যশস্যের আমদানি, এর স্থানীয় বাজার মূল্য বাড়াতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতি প্রকাশ করেছে এবং সেখানে অর্থ সরবরাহ কমানোর জন্য যে লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে ব্যাপক মুদ্রার সরবরাহ জুন-২০১০-এ ২২ দশমিক ৪ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে, যা ১৮ দশমিক ৮ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য ছিল।গত জুলাই মাসে ৩৬৪৩৮৩ কোটি ১০ লাখ টাকার ব্যাপক মুদ্রা সরবরাহ হয়েছিল, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ২২ দশমিক ২ শতাংশ বেশি। তাই ব্যাপক মুদ্রার প্রবৃদ্ধিকে ২০১১-এর জুনের মধ্যে ১৫ দশমিক ২ শতাংশে নামিয়ে আনা কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যদিও দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ কমে আসছে। তার পরও গত দুই অর্থবছরের উপাত্ত অনুয়ায়ী মাসে প্রায় ৮০০ মিলিয়ন ডলারের ওপর রেমিট্যান্স আসে, যা অভ্যন্তরীণ টাকার চাহিদা বৃদ্ধিতে অবদান রাখছে। এ কারণে, সঙ্কুচিত মুদ্রানীতির লক্ষ্যগুলো ঠিকমতো অনুসরণ করা না গেলে দেশে তারল্যপ্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে রাখা কঠিন হবে।