৮০ শতাংশ কারখানা পরিদর্শন শেষ অ্যালায়েন্সের
উত্তর আমেরিকার ২৬ ক্রেতার জোট অ্যালায়েন্স তাদের আওতাধীন ৬২৬টি কারখানার মধ্যে ৫০৮টি বা ৮০ শতাংশের পরিদর্শন শেষ করেছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চট্টগ্রামের একটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও পাঁচটি কারখানা রিভিউ প্যানেলে আছে।
অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটির ঢাকা কার্যালয়ে আজ বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রমিকদের জন্য আগামী সপ্তাহে হেল্প লাইন চালু হবে। প্রাথমিকভাবে ৫০টি কারখানা এবং চলতি বছরের শেষ নাগাদ শতাধিক কারাখানায় এটি চালু করা হবে। আর জুলাই মাসে অগ্নি-নিরাপত্তা বিষয়ে এক লাখ শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যালায়েন্সের জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়ান স্পাউলিং, ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন, উপদেষ্টা বোর্ডের সদস্য শ্রমিকনেতা ওয়াজেদুল ইসলাম খান, শুক্কুর মাহমুদ, দেলোয়ার হোসেন খান, সিরাজুল ইসলাম প্রমুখ।
রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক কারখানার মান উন্নয়নে ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতারা চুক্তির মাধ্যমে দুটি পৃথক জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স গঠন করেন। বর্তমানে দুই জোট এবং বুয়েট ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) দেশের সব পোশাক কারখানা পরিদর্শন করছে।
আজকের সংবাদ সম্মেলনে শ্রমিকনেতা ওয়াজেদুল ইসলাম খান বলেন, কারখানা যদি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বন্ধ করতে হয়, তবে শ্রমিকদের স্বার্থ যেন ক্ষুণ্ন না হয়, সেটি নজর রাখতে হবে। বর্তমানে অ্যালায়েন্স নিজেদের পরিদর্শন কার্যক্রমে কোনো কারখানা বন্ধ হলে ক্ষতিপূরণ বাবদ শ্রমিকদের দুই মাসের মজুরি দেয়। এই ক্ষতিপূরণের হার বৃদ্ধির দাবি জানান তিনি।
আরেক শ্রমিকনেতা সিরাজুল ইসলাম বলেন, অনেকগুলো কারখানা বন্ধ হয়েছে। আরও কারখানা বন্ধের আশঙ্কা আছে। এরই মধ্যে ১০ হাজার শ্রমিক বেকার। অ্যাকর্ডের পরিদর্শনে কোনো কারখানা বন্ধ হলে ক্ষতিপূরণ পাচ্ছেন না শ্রমিকেরা। শিগগিরই এ বিষয়ে সুরাহা না হলে আন্দোলনে যাওয়ার হুমকি দেন এই শ্রমিকনেতা।
মেসবাহ রবিন বলেন, ‘ক্ষতিপূরণ আরও কয়েক মাস বৃদ্ধির বিষয়টি আমাদের সক্রিয় বিবেচনায় আছে। তবে এ ক্ষেত্রে মালিকদেরও এগিয়ে আসতে হবে। তবেই আমরা এগিয়ে যেতে পারব।’ তবে স্থায়ীভাবে বন্ধ কারখানার ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী মালিকপক্ষের ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।