৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিল গ্রামীণফোন

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত একমাত্র টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন ৮০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন সমাপ্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করে।
ঘোষিত লভ্যাংশ অনুযায়ী, গ্রামীণফোনের ১০ টাকা অভিহিত মূল্যের (ফেসভ্যালু) প্রতিটি শেয়ারের বিপরীতে ৮ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারধারীরা। ঘোষিত অন্তর্বর্তীকালীন লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই। গতকাল মঙ্গলবার গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৭৬ পয়সা। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ১ হাজার ৫০ কোটি টাকা। আগের বছর অর্থাৎ ২০১৪ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৬০ কোটি টাকা। ২০১৫ সালের প্রথম ছয় মাসে গ্রামীণফোনে ১৬ লাখ গ্রাহক যুক্ত হয়েছে। এর ফলে অপারেটরটির মোট গ্রাহকসংখ্যা বেড়ে হয়েছে ৫ কোটি ৩১ লাখ। চলতি বছরের প্রথম ছয় মাসে গ্রামীণফোনের ইন্টারনেট গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩৪ লাখে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি বলেন, তীব্র প্রতিযোগিতা ও ২০১৫ সালের প্রথম প্রান্তিকে রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছরের তুলনায় সামান্য প্রবৃদ্ধি হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বছরের প্রথম ছয় মাসে নেটওয়ার্ক উন্নয়নে কোম্পানিটি ১ হাজার ১০ কোটি টাকা বিনিয়োগ করেছে। একই সময়ে কর, মূল্য সংযোজন কর (মূসক), শুল্ক ও লাইসেন্স ফি সরকারকে ২ হাজার ৫০০ কোটি টাকা জমা দিয়েছে, যা প্রতিষ্ঠানটির মোট আয়ের ৪৮ দশমিক ৬ শতাংশ।