৮০০ কোটি ছাড়াল ডিএসইর লেনদেন
দেশের শেয়ারবাজারে আজ বুধবারও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। গতকালের ধারাবাহিকতায় আজও সূচক ও লেনদেনে বাড়তি প্রবণতায় দিন শেষ হয়েছে। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারেই। আজ ডিএসইর লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশের সার্বিক রাজনৈতিক অস্থিরতা অনেকাংশে কমে গেছে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নতুন করে অনেক বিনিয়োগকারী বাজারে সক্রিয় হচ্ছেন। এর ফলে বাজারে লেনদেন বাড়ছে। এটা বাজারের জন্য ইতিবাচক বলে মনে করছেন তাঁরা।
ডিএসইতে ৮৩৪ কোটি টাকার লেনদেন
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৮৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২৪ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৭১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে আজকের লেনদেন দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২০ নভেম্বর ডিএসইতে ৮৮৯ কোটি টাকা লেনদেন হয়।
লেনদেন বাড়ার পাশাপাশি সূচক বেড়েছে ডিএসইতে। আজ ডিএসইর ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৪০ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯১টির দাম বেড়েছে, কমেছে ৮৩টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে ৭২ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৮৪ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৯টির দাম বেড়েছে, কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৭২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৬৪ কোটি টাকা লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল পদ্মা অয়েল। আজ এই প্রতিষ্ঠানের ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম, অ্যাকটিভ ফাইন, স্কয়ার ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, কনফিডেন্স সিমেন্ট, গ্রামীণফোন, ডেল্টালাইফ ইনস্যুরেন্স প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।