৮৪৯ কনটেইনার পণ্য নিয়ে আটকে গেছে এমভি গ্লাডিস
ঝুঁকির কথা জেনেই বিকল জাহাজটি ভেড়ানো হচ্ছিল বন্দরের মূল জেটিতে। সে জন্য নেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থা। তবু শেষ রক্ষা হয়নি। কর্ণফুলীর মোহনার অদূরে গতকাল বুধবার বিকেলে আবারও দুর্ঘটনায় পড়েছে ৮৪৯টি কনটেইনারে পণ্যভর্তি বিকল জাহাজ এমভি গ্লাডিস।
বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, জাহাজটি বন্দরের মূল চ্যানেলের বাইরে দুর্ঘটনায় পড়েছে। এর কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হবে না। গতকাল বুধবার দিবাগত রাত একটায় এটি সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।
জানা যায়, বহির্নোঙর থেকে বিকল জাহাজটিকে চারটি টাগবোটের সাহায্যে গতকাল বেলা দুইটার দিকে জেটিতে টেনে আনার কাজ শুরু হয়। কিন্তু কর্ণফুলীর মোহনায় মূল চ্যানেলে প্রবেশের আগে এটির তলদেশ মাটিতে আটকে যায়। জাহাজটির স্থানীয় প্রতিনিধির ঘোষণা অনুযায়ী, ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজটি লম্বায় ১৭৬ দশমিক ৮০ মিটার।
বন্দরের কর্মকর্তারা জানান, ঝুঁকিপূর্ণ জাহাজটি চ্যানেলে আটকে গেলে পুরো বন্দর অচল হয়ে যেত। সারা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যও মুখ থুবড়ে পড়ত। কিন্তু চ্যানেলের বাইরে দুর্ঘটনা ঘটায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে দেশ।
জাহাজটি জেটিতে আনার কাজ তদারক করছিলেন বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন ফরিদুল আলম। এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে আসার পথে আরও একবার দুর্ঘটনায় পড়ে। গত ৩০ জুলাই মিয়ানমারের উপকূলের কাছে আন্দামান সাগরে এটির ইঞ্জিন বিকল হয়ে যায়। দেড় মাস পর গত ৭ সেপ্টেম্বর একটি টাগবোটের সাহায্যে জাহাজটিকে বন্দরে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়। গত ১৪ সেপ্টেম্বর জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।
কাস্টম হাউস সূত্রে জানা গেছে, এমভি গ্লাডিস জাহাজে ৮৪৯টি কনটেইনারে ৩৩৮টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানি করা পণ্য রয়েছে। এতে খালি কনটেইনার আছে ২০টি। পণ্যের প্রাথমিক বর্ণনা থেকে ধারণা করা হচ্ছে, এ জাহাজে প্রায় ৫০০ কোটি টাকা মূল্যের পণ্য আছে। এতে ৩৬৮টি কনটেইনারে আছে ৮৪টি পোশাক প্রতিষ্ঠানের কাঁচামাল। পোশাকশিল্পের যন্ত্রপাতি আছে ৪৩টি কনটেইনারে।