৮৫০ টন ভারতীয় রড নিয়ে জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে ট্রান্সশিপমেন্টের আওতায় প্রায় ৮৫০ মেট্রিক টন ভারতীয় রড নিয়ে একটি ভারতীয় জাহাজ নোঙর করেছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এসব ভারতীয় রড বহনকারী এমভি নিউওটেক নামের একটি জাহাজ নৌবন্দরে পৌঁছায়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব রড ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় যাবে।
বিআইডব্লিউটিএর আশুগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, কলকাতার হারবার বন্দর থেকে ১০ দিন আগে রডবোঝাই দুটি কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। গতকাল বিকেল পাঁচটার দিকে এমভি নিউওটেক নামের জাহাজটি ৮৩৩ দশমিক ৬৪ মেট্রিক টন রডসহ আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছায়। এমভি-৭ নামের আরও একটি জাহাজ ৫৪৬ দশমিক ৩৯ মেট্রিক টন রড নিয়ে দু-এক দিনের মধ্যে আশুগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে।
আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, আজ বুধবার কাগজপত্র যাচাই-বাছাইসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সব যাচাই-বাছাই শেষ করে বিকেলে জাহাজ থেকে রড নামিয়ে ট্রাকে ওঠানো হবে। কাল বৃহস্পতিবার সকালে এসব রড আগরতলা যাওয়ার সম্ভাবনা রয়েছে।