৮৬ হাজার কোটি টাকার উন্নয়ন ব্যয় পরিকল্পনা

আগামী ২০১৪-১৫ অর্থবছরে দেশের উন্নয়নে ৮৬ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নিয়েছে সরকার। বছরজুড়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে। এটাই আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূিচ।
উন্নয়ন ব্যয় বড় দেখানোর কৌশল হিসেবে গতবারের মতো এবারও পরিকল্পনায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ১৫৩টি প্রকল্পের ব্যয় বরাদ্দ অন্তভুর্ক্ত রয়েছে। এসব প্রকল্পে ব্যয় পাঁচ হাজার ৬৮৫ কোটি টাকা। আর পরিকল্পনা কমিশনের তদারকিতে থাকা এডিপির আকার ৮০ হাজার ৩১৫ কোটি টাকা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় গতকাল মঙ্গলবার এই এডিপি অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
পরিকল্পনা কমিশনের আওতাধীন প্রকল্প ব্যয়কেই প্রচলিত অর্থে এডিপি হিসেবে বিবেচনা করা হয়। ফলে প্রকৃত এডিপি হচ্ছে ৮০ হাজার ৩১৫ কোটি টাকা৷ আর এডিপিতে অর্থের জোগান দেয় সরকার নিজেই। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যয় মেটানো হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব আয় থেকে। প্রকল্পের অনুমোদন নিতে পরিকল্পনা কমিশনে আসতে হয় না।
৮০ হাজার ৩১৫ কোটি টাকার নতুন এডিপির মধ্যে স্থানীয় মুদ্রায় দেওয়া হবে ৫২ হাজার ৬১৫ কোটি টাকা। আর বিদেশি সহায়তা হিসেবে ২৭ হাজার ৭০০ কোটি টাকা পাওয়া যাবে।
গতকালের সভায় পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে ৭৯ হাজার ৩১ কোটি টাকার এডিপির প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নিজে এক হাজার ২৮৪ কোটি টাকা বাড়তি বরাদ্দ দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
তবে আগামী এডিপিতে প্রকল্পসংখ্যা কমিয়ে আনা হয়েছে। এই এডিপিতে প্রকল্পসংখ্যা এক হাজার ৬৪। গতবার ছিল এক হাজার ১৭৬টি।
তবে আশঙ্কার বিষয় হলো বরাদ্দহীন ও অননুমোদিত প্রকল্পের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। আগামী এডিপিতে এর সংখ্যা ৬৮৩। গতবার এ ধরনের ৩৪৬টি প্রকল্প নেওয়া হয়েছিল। প্রতিবছর এ ধরনের প্রকল্প এডিপির বইয়ের সবুজ পাতায় অন্তর্ভুক্ত থাকে এবং বছরজুড়ে তা অনুমোদন করা হয়। ফলে অনুমোদিত এসব প্রকল্পে বাড়তি বরাদ্দ দিতে গিয়ে প্রতিবারই বরাদ্দ ব্যবস্থাপনায় কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে অনেক প্রকল্প চাহিদা অনুযায়ী বরাদ্দ পায় না।
এনইসি সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘আগামী এডিপির জন্য মন্ত্রণালয়গুলোর কাছ থেকে এক লাখ কোটি টাকার চাহিদা ছিল। হয়তো আমাদের সেই পরিমাণ অর্থ দেওয়ার সামর্থ্য নেই কিংবা মন্ত্রণালয়গুলোর এত অর্থ খরচের সক্ষমতা নেই।’ তিনি আরও জানান, প্রধানমন্ত্রী যে এক হাজার ২৮৪ কোটি টাকার বাড়তি অর্থ অনুমোদন করেছেন তা মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে বরাদ্দ দেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ফেরেশতা এলেও শতভাগ এডিপি বাস্তবায়ন করতে পারবে না। তবে ৯৪ থেকে ৯৫ শতাংশ এডিপি বাস্তবায়নকেই বিশ্বব্যাপী ভালো বাস্তবায়ন বলে ধরে নেওয়া হয়।’
সভাসূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প বাস্তবায়নের গতি ত্বরান্বিত করতে সচিবদের সরেজমিনে প্রকল্প স্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, প্রকল্প বাস্তবায়নে অহেতুক বিলম্ব রোধ করা গেলে বাড়তি প্রকল্প ব্যয়ও রোধ করা যাবে।
আগামী অর্থবছরে পদ্মা সেতু প্রকল্পে মোট আট হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মূল সেতু নির্মাণে বরাদ্দ রয়েছে ছয় হাজার ৫০০ কোটি টাকা। আর নদীশাসনসহ অন্যান্য আনুষঙ্গিক খাতে আরও এক হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রসঙ্গত চায়না মেজর ব্রিজ কোম্পানিকে শিগগিরই মূল সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হবে।
এ ছাড়া বিশেষ প্রয়োজনের উন্নয়ন সহায়তা বা থোক বরাদ্দ হিসেবে এক হাজার ৫০৬ কোটি টাকা রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো জরুির প্রয়োজনে েকানো প্রকল্প নিতে হলে এই খাত থেকে বরাদ্দ দেওয়া হয়। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে তিনটি জেলায় উন্নয়নের জন্য প্রতিবারের মতো এবার আলাদা করে ১৯৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।