৯ বছরে জাপানে রপ্তানি ৬ গুণ

সূর্যোদয়ের দেশ জাপানে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রতি বছরগুলোয় দ্রুত হারে বাড়ছে। গত নয় বছরে এই রপ্তানি ছয় গুণের বেশি বেড়েছে। তবে চার বছর আগে রপ্তানি ৫০ কোটি ডলারের সীমা অতিক্রম করার পর তা দ্রুততর হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছরে জাপানে রপ্তানি হয়েছে ৮৬ কোটি ডলারের বেশি পণ্য। আর আগের বছর তা ছিল ৭৫ কোটি ডলার।
বিস্ময়কর হলেও সত্য, জাপানে বাংলাদেশি ইলেকট্রনিক পণ্যও রপ্তানি হচ্ছে, যেখানে জাপানি ইলেকট্রনিক সামগ্রী দুনিয়াজোড়া খ্যাত। তবে বাংলাদেশের তৈরি পোশাকের একটি বড় বাজার সৃষ্টি হওয়ায় মোট রপ্তানি বাড়ানো সম্ভব হয়েছে। পাশাপাশি হিমায়িত খাদ্য, চামড়াজাত পণ্য এবং হস্তশিল্পজাত পণ্যও রপ্তানি হচ্ছে।
তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে জাপান মূলত চীনের ওপর নির্ভর ছিল। তবে সম্প্রতি বছরগুলোয় চীন থেকে তৈরি পোশাক আমদানিতে কিছুটা ভাটা পড়েছে। চীনের পোশাক উৎপাদনের ব্যয় বেড়ে যাওয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্ক কিছুটা টানাপোড়েনের অন্যতম কারণ। এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থনৈতিক মন্দা। এসব কারণে তুলনামূলক কম আয়ের জাপানি ক্রেতারা কম দামি পণ্যের দিকে ঝুঁকছেন। এটা তৈরি পোশাকসহ বাংলাদেশি কিছু পণ্যের বাজার বাড়াতে ভূমিকা রাখছে।
একসময় জাপানে পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য উৎপাদনের তিনটি স্তরে মূল্য সংযোজন করার শর্ত ছিল। এই কঠিন উৎসবিধির জন্য জাপানের বাজার ধরা সম্ভব হচ্ছিল না। স্তরগুলো হলো—তুলা আমদানি করে সুতা তৈরি, সুতা থেকে কাপড় তৈরি এবং কাপড় থেকে তৈরি পোশাক। তবে ২০১০ সালের সেপ্টেম্বরের পর থেকে দুটি স্তরের স্থানীয় মূল্য সংযোজনকে স্বীকৃতি দিয়ে (সুতা আমদানি করে কাপড় এবং কাপড় থেকে তৈরি পোশাক) জাপান বাংলাদেশি পোশাক আমদানি করছে।
উৎসবিধির শর্ত শিথিল করার ক্ষেত্রে বাংলাদেশ নিট পোশাক রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) বেশ জোরালো তৎপরতা চালায়। সে সময়ে বিকেএমইএর সভাপতি ছিলেন ফজলুল হক। তিনি এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে জাপান সরকারের সঙ্গে অনেক দিন দেনদরবার করেছি। বাংলাদেশ সরকারও সহযোগিতা দিয়েছে। এর ফলে ২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপান সফর করলে দেশটির সরকার উৎসবিধির শর্ত শিথিল করার ঘোষণাটি দেয়।’
ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের উপদেষ্টা মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জাপানে রপ্তানি বাড়ছে, এটা ঠিক। তৈরি পোশাক রপ্তানি বেশি হচ্ছে। তবে জাপানের মতো দেশে খুব মানসম্পন্ন পণ্যের চাহিদা থাকে। তাই জাপানে পণ্য রপ্তানি করতে হলে সেই মানের পণ্য উৎপাদন করতে হবে। কিন্তু বর্তমানে বাংলাদেশে যে মানের পণ্যের উৎপাদন সক্ষমতা রয়েছে, তা দিয়ে জাপানে পণ্য রপ্তানি বেশি বাড়ানো যাবে না। জাপান যদি কোনো বিশেষ রপ্তানি সুবিধাও দেয়, তবু বাংলাদেশ সেই সুবিধা কাজে লাগাতে পারবে কি না সন্দেহ রয়েছে। কেননা, দেশের উৎপাদনব্যবস্থা একটি স্তরে গিয়ে আটকে গেছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, জিএসপি প্লাস সুবিধা পেয়েও ইউরোপীয় বাজারে পণ্যের রপ্তানি তেমন বাড়াতে পারেনি পাকিস্তান। কেননা ইউরোপের বাজারে গুণগত মানসম্পন্ন পণ্য রপ্তানির মতো উৎপাদন সক্ষমতা নেই পাকিস্তানের।
রপ্তানির পরিস্থিতি ঊর্ধ্বমুখী হলেও জাপান থেকে তেমন বিনিয়োগ আকৃষ্ট করা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০০৮-০৯ থেকে ২০১২-১৩ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরে ২৫ কোটি ডলারের মতো জাপানি বিনিয়োগ এসেছে বাংলাদেশে। আর ২০১৩-১৪ অর্থবছরের হালনাগাদ পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে মনজুর বলেন, ‘পর্যাপ্ত অবকাঠামো সুবিধা না থাকায় জাপানিরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন না।’
জাপান থেকে পণ্য আমদানিও প্রতিবছর বাড়ছে। তবে যে হারে পণ্য রপ্তানি হচ্ছে, তার চেয়ে কম হারে পণ্য আমদানি বাড়ায় দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি সম্প্রতি বছরগুলোয় কিছুটা কমে এসেছে। ২০০৮-০৯ অর্থবছরে ২০ কোটি ২৬ লাখ ডলার রপ্তানির বিপরীতে জাপান থেকে প্রথমবারের মতো ১০০ কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। ফলে ঘাটতি দাঁড়ায় ৮০ কোটি ডলার। এই ধারাবাহিকতায় ২০১২-১৩ অর্থবছরে ৭৫ কোটি ডলারের রপ্তানির বিপরীতে ১১৭ কোটি ডলারের আমদানি হওয়ায় দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি কমে আসে ৪২ কোটি ডলারে।
অবশ্য ২০১৩-১৪ অর্থবছরের আমদানির পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া না যাওয়ায় এই বছরের ঘাটতি পরিস্থিতি জানা যাচ্ছে না। তবে চীন থেকে আমদানি অনেক বেড়ে যাওয়া জাপান থেকে আমদানির গতি শ্লথ হওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
একসময় জাপানে পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য উৎপাদনের তিনটি স্তরে মূল্য সংযোজন করার শর্ত ছিল। এই কঠিন উৎসবিধির জন্য জাপানের বাজার ধরা সম্ভব হচ্ছিল না।
জাপান থেকে পণ্য আমদানিও প্রতিবছর বাড়ছে। তবে যে হারে পণ্য রপ্তানি হচ্ছে, তার চেয়ে কম হারে পণ্য আমদানি বাড়ায় দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি সম্প্রতি বছরগুলোয় কিছুটা কমে এসেছে।
রপ্তানির পরিস্থিতি ঊর্ধ্বমুখী হলেও জাপান থেকে তেমন বিনিয়োগ আকৃষ্ট করা যাচ্ছে না। ২০০৮-০৯ থেকে ২০১২-১৩ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরে ২৫ কোটি ডলারের মতো জাপানি বিনিয়োগ এসেছে বাংলাদেশে‘‘বর্তমানে বাংলাদেশে যে মানের পণ্যের উৎপাদন সক্ষমতা রয়েছে, তা দিয়ে জাপানে পণ্য রপ্তানি বেশি বাড়ানো যাবে না। জাপান যদি কোনো বিশেষ রপ্তানি সুবিধাও দেয়, তবু বাংলাদেশ সেই সুবিধা কাজে লাগাতে পারবে কি না সন্দেহ রয়েছে।
মনজুর আহমেদ, উপদেষ্টা, এফবিসিসিআই