৯ ব্যাংকের মূলধন ঘাটতি সাড়ে ১৬ হাজার কোটি টাকা

অনিয়মের মাধ্যমে দেওয়া ঋণ আদায় করতে না পেরে মূলধন শূন্য হয়ে পড়েছে সরকারি-বেসরকারি ৯ ব্যাংক। গত সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকের মূলধন ঘাটতি হয়েছে ১৬ হাজার ৪০২ কোটি টাকা। এর মধ্যে সরকারি খাতের ব্যাংক সাতটি ও বেসরকারি খাতের দুটি।
জানা গেছে, চলতি বছর থেকে ব্যাসেল-৩ নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলোকে ১০ শতাংশ ন্যূনতম মূলধনের পাশাপাশি দশমিক ৬২ শতাংশ হারে অতিরিক্ত মূলধন সংরক্ষণ করতে হয়। গত সেপ্টেম্বর শেষে ন্যূনতম মূলধন সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে ৯ ব্যাংক। এ ছাড়া ব্যাংক খাতে মূলধন সংরক্ষণের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৩১ শতাংশ।
তথ্যমতে, সেপ্টেম্বর শেষে সোনালী ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ২৭৪ কোটি টাকা। বেসিক ব্যাংকে ঘাটতি ২ হাজার ৪২৩ কোটি টাকা। অগ্রণী ব্যাংকের ঘাটতি ১১২ কোটি টাকা, জনতা ব্যাংকের ঘাটতি ৭৭১ কোটি টাকা, রূপালী ব্যাংকের ১ হাজার ৩৬৮ কোটি টাকা। এ ছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংকের ঘাটতি হয়েছে ৩০৩ কোটি টাকা, আইসিবি ইসলামিক ব্যাংকের ১ হাজার ৪৪ কোটি টাকা। বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ৯৮১ কোটি টাকা ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি ৭২৬ কোটি টাকা।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, যাচাই-বাছাই না করে দেওয়া ঋণ খেলাপি হয়ে পড়ছে। নিয়মবহির্ভূতভাবে দেওয়া ঋণও আদায় করা যাচ্ছে না। ফলে এসব ঋণের বিপরীতে সঞ্চিতি সংরক্ষণ করতে হচ্ছে ব্যাংকগুলোকে। এতেই টান পড়ছে মূলধনে।
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকটির বেশ কিছু ঋণ নতুন করে খেলাপি হয়েছে। আগে এসব ঋণকে নিয়মিত দেখানো হয়েছিল। এ কারণে খেলাপি বেড়েছে, সঙ্গে মূলধন ঘাটতিও বেড়েছে। আমরা ব্যাংকটিকে ভালো অবস্থায় আনতে চেষ্টা করছি।’