৯ মাসে রপ্তানি আয় বেড়েছে ৩.৯৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বাংলাদেশ ২ হাজার ৫৯৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের রপ্তানি আয়ের চেয়ে ৩ দশমিক ৯৭ শতাংশ বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান আজ বুধবার প্রকাশ করেছে। চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৭০০ কোটি ডলার। গত ২০১৫-১৬ অর্থবছর রপ্তানি আয় হয়েছিল ৩ হাজার ৪২৫ কোটি ডলার।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে তৈরি পোশাক রপ্তানিতে ২ হাজার ৯২ কোটি ডলার এসেছে। গত অর্থবছরের প্রথম নয় মাসে রপ্তানি হয়েছিল ২ হাজার ৪৪ কোটি ডলারের পোশাক। সেই হিসাবে এবার পোশাক রপ্তানি আয় বেড়েছে ২ দশমিক ৩৯ শতাংশ। এ ছাড়া আলোচ্য সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে ৯২ কোটি ২৯ লাখ ডলার, পাট ও পাটজাত পণ্যে ৭৩ কোটি ১০ লাখ ডলার, হোম টেক্সটাইলে ৫৮ কোটি ২০ লাখ, প্রকৌশল পণ্যে ৫৪ কোটি ২৬ লাখ মার্কিন ডলারের রপ্তানি আয় হয়েছে।

এদিকে কেবল গত মার্চ মাসে ৩১০ কোটি ডলারের রপ্তানি আয় হয়েছে। এই আয় গত মার্চের ২৮৩ কোটি ডলারের রপ্তানির চেয়ে চেয়ে ৯ দশমিক ৮৩ শতাংশ বেশি।