৯ মাসেই বাণিজ্য ঘাটতি গত বছরের মোট ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম নয় মাসেই দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি গত অর্থবছরের মোট ঘাটতির পরিমাণ ছাড়িয়ে গেছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়কালে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৫৫৭ কোটি ডলার। আর গত ২০০৯-১০ অর্থবছরে পণ্য বাণিজ্যে মোট ঘাটতি ছিল ৫১৫ কোটি ২০ লাখ ডলার।এ ছাড়া গত অর্থবছরের প্রথম নয় মাসে পণ্য বাণিজ্যে ঘাটতি ছিল ৩৯১ কোটি ৭০ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে পণ্য বাণিজ্যে ঘাটতি বেড়েছে ৪২ শতাংশ।পণ্য রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ অনেক বেশি হওয়ায় এই ঘাটতি দেখা দিয়েছে। তবে পণ্য রপ্তানি আয় ও আমদানি ব্যয় দুই ক্ষেত্রেই প্রবৃদ্ধির হার প্রায় সমান—৪০ শতাংশের ওপরে।লেনদেনের ভারসাম্য সারণি থেকে দেখা যায় যে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে এক হাজার ২৫৬ কোটি ৭০ লাখ ডলার। একই সময়ে পণ্য আমদানি বাবদ ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ৬২৬ কোটি ৬০ লাখ ডলার। তবে এটি এফওবি হিসেবে।আর সিএন্ডএফ হিসেবে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে পণ্য আমদানির জন্য ব্যয় করতে হয়েছে দুই হাজার ৪১৬ কোটি ৮২ লাখ ডলার। লেনদেনের ভারসাম্য সারণিতে তা খানিকটা সমন্বয় করে অন্তর্ভুক্ত করা হয়। এ ক্ষেত্রে বিমা ব্যয় বাদ দেওয়া হয়।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায় যে আলোচ্য সময়কালে সেবাখাতের বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ১৭৭ কোটি ২০ লাখ ডলার। অথচ গত অর্থবছরের সময়জুড়ে এই ঘাটতির পরিমাণ ছিল ১২৩ কোটি ৭০ লাখ ডলার।পর্যটন, ব্যাংকিং ইত্যাদি সেবাখাতে অন্তর্ভুক্ত হয়। সেবাখাতের বাণিজ্যে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ১৯১ কোটি ২০ লাখ ডলার আয় হলেও বিপরীতে ব্যয় হয়েছে ৩৬৮ কোটি ৪০ লাখ ডলার।পণ্য ও সেবা বাণিজ্য মিলিয়ে অর্থবছরের প্রথম নয় মাসে সামগ্রিক বাণিজ্য ঘাটতি প্রায় সাড়ে ৭০০ কোটি ডলারে উপনীত হয়েছে।বেড়ে চলা বাণিজ্য ঘাটতি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি করেছে, যার প্রতিফলন ঘটেছে টাকার বিপরীতে ডলার দর ক্রমেই শক্তিশালী হয়ে ওঠার কারণে। অন্যদিকে প্রবাসী আয় প্রবাহের প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়ায় চলতি হিসাবের ভারসাম্যও চাপের মুখে পড়েছে।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে চলতি হিসাবের ভারসাম্যে ৬৮ কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। অথচ গত অর্থবছরের একই সময়ে এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ২৬৪ কোটি ৩০ লাখ ডলার।চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের চিত্র প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত এটাই বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায় যে ২০০৪-০৫ অর্থবছরের পর আর কোনো অর্থবছরেই বাংলাদেশকে চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতির সম্মুখীন হতে হয়নি। বরং প্রতি বছরই উদ্বৃত্তাবস্থা বেড়েছে।এই ধারাবাহিকতাতে গত ২০০৯-১০ অর্থবছরে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে চলতি হিসাবে বাংলাদেশের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩৭৩ কোটি ৪০ লাখ ডলার, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।মূলত প্রবাসী আয়ের উচ্চ প্রবাহ চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের উদ্বৃত্ত বজায় রাখতে সহায়তা করেছে।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায় যে চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়কালে লেনদেনের সামগ্রিক ভারসাম্যে ৫২ কোটি ৯০ লাখ ডলারের ঘাটতি দাঁড়িয়েছে। আর গত অর্থবছরের একই সময়ে ছিল ২২৬ কোটি ৭০ লাখ ডলারের উদ্বৃত্ত।বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে লেনদেনের ভারসাম্যের ঘাটতি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।প্রাপ্ত পরিসংখ্যান থেকে আরও দেখা যায় যে অর্থবছরের প্রথম নয় মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে অবশ্য বিদেশি বিনিয়োগ এসেছিল ২৮ কোটি ৮০ লাখ ডলার।