৯০ এনআরবি পাবেন সিআইপির মর্যাদা
৯০ জন অনাবাসী বাংলাদেশি (এনআরবি) ২০১৭ সালে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) মর্যাদা পাবেন। তিনটি ক্যাটাগরিতে এই সিআইপি মর্যাদা দেওয়া হবে।
বাসসের খবরে জানা যায়, আজ রোববার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
অনাবাসী বাংলাদেশিদের মধ্যে শিল্পে বিনিয়োগকারী ২০ জন, বৈধ পন্থায় রেমিট্যান্স প্রেরণকারী ৫০ জন এবং বাংলাদেশি পণ্য আমদানিকারক ২০ জন এই মর্যাদা পাবেন।
কোনো অনাবাসী বাংলাদেশি যদি দেশে তিন লাখ মার্কিন ডলার বা তার বেশি বিনিয়োগ করেন অথবা বৈধ পন্থায় দুই লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠান কিংবা তিন লাখ মার্কিন ডলারের বেশি মূল্যের বাংলাদেশি পণ্য আমদানি করেন, তাহলে তিনি সিআইপি মর্যাদাপ্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, ৩১ আগস্টের মধ্যে আবেদন করা যাবে। সিআইপি মর্যাদা প্রদানের ক্ষেত্রে (অনাবাসী বাংলাদেশি)-২০১৫ নীতি অনুসরণ করা হবে।
আবেদনপত্র www.probashi.gov.bd/ www.bmet.org.bd/ www.wewb.gov.bd ওয়েবসাইটগুলোতে পাওয়া যাবে।