বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন
৯০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠনের দাবি
শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ-সুবিধা দিতে পুনঃ অর্থায়ন তহবিলের সুবিধা চেয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। এ জন্য সংগঠনটির নেতারা ১০ শতাংশ সুদে ৯০০ কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল গঠনের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানানো হয়। একই সঙ্গে বিএমবিএর পক্ষ থেকে মওকুফ করা সুদকে অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে বিবেচনার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছেও আবেদন জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুঁজিবাজারে কার্যক্রম পরিচালনাকারী মার্চেন্ট ব্যাংকগুলো এ পর্যন্ত প্রান্তিক (মার্জিন) ঋণ হিসেবে বিনিয়োগকারীদের মধ্যে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বিতরণ করেছে। বাজারধসের পরিপ্রেক্ষিতে সরকার ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, তাতে মার্চেন্ট ব্যাংকগুলোকে মোট ৪১ হাজার ৯৯২ জন বিনিয়োগকারীকে সুদ মওকুফ-সুবিধা দিতে হবে। মওকুফ করতে হবে ৬৫ কোটি ১১ লাখ টাকার সুদ। আর ৬৫ কোটি ১৬ লাখ টাকার সুদ পুনঃতফসিলীকরণ করতে হবে। একই সঙ্গে বিতরণ করা মোট ৯১৩ কোটি ৯০ লাখ টাকা ঋণ পুনঃতফসিলীকরণ করতে হবে।এ অবস্থায় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করতে গেলে মার্চেন্ট ব্যাংকগুলোকে প্রায় ৩৪১ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে বিএমবিএর নেতারা জানান। ‘পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রমের চ্যালেঞ্জ এবং উত্তরণের পথ’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএমবিএর সভাপতি মোহাম্মদ এ হাফিজ, সহসভাপতি তানজিল চৌধুরী, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন সান্নামাত, আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান, লংকাবাংলা ইনভেস্টমেন্টের সিইও এম শাকিল ইসলাম ভূঁইয়া, কসমোপলিটন ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রমুখ।সংবাদ সম্মেলনে বলা হয়, মার্জিন ঋণের সুদ মওকুফের বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে প্রদর্শনের নির্দেশনা দেওয়া প্রয়োজন।বিএমবিএর সভাপতি বলেন, সরকারঘোষিত প্রণোদনা বাস্তবায়নের ব্যাপারে মার্চেন্ট ব্যাংকগুলো বদ্ধপরিকর। তবে এ জন্য মার্চেন্ট ব্যাংকগুলোকেও কিছু সুবিধা দেওয়া দরকার। কারণ, মার্চেন্ট ব্যাংকগুলো অন্যান্য প্রতিষ্ঠান থেকে উচ্চ সুদে টাকা ধার করে এনে পরে তা ঋণ হিসেবে বিতরণ করেছে। এখন মার্চেন্ট ব্যাংকগুলো বিনিয়োগকারীদের সুদ মওকুফ করলেও যেসব প্রতিষ্ঠান থেকে টাকা নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু মার্চেন্ট ব্যাংককে সুদ মওকুফ করবে না। ফলে মার্চেন্ট ব্যাংকগুলোকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। সে জন্য বিএমবিএর সভাপতি ৯০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠনের আবেদন জানান, যাতে বিনিয়োগকারীদের সুদ মওকুফ করতে গিয়ে মার্চেন্ট ব্যাংকগুলো কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে না পড়ে।