৯১ শতাংশ কারখানা বেতন দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দিকুর রহমান
সিদ্দিকুর রহমান

ঈদের আগে তৈরি পোশাক শিল্পের ৯১ শতাংশ কারখানায় বেতন পরিশোধ হয়েছে। আর উৎসব ভাতা পরিশোধ হয়েছে শতভাগ কারখানায়। রাজধানীর কারওয়ান বাজারে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি এস এম মান্নান, মোহাম্মদ নাসির, মাহমুদ হাসান, পরিচালক শহিদুল হক মুকুল, সৈয়দ সাদেক আহমেদ প্রমুখ। এতে জানানো হয়, শ্রমিকদের আগস্ট মাসের বেতন ৯১ শতাংশ কারখানায় ইতিমধ্যে দেওয়া হয়েছে। গতকালÜশনিবারðও আজ রোববারের মধ্যেই অবশিষ্ট কারখানাগুলোতে আগস্ট মাসের বেতন পরিশোধ করা হবে। এখন পর্যন্ত ঈদের ছুটি দেওয়া হয়েছে ৮৮ শতাংশ কারখানায়। বাকি কারখানাগুলোতেও আজকের মধ্যেই ছুটি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনের শুরুতে গতকাল টঙ্গীর প্যাকেজিং কারখানায় দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, সব কারখানা মালিককে অবশ্যই পাওনা পরিশোধ করতে হবে। ঈদের আগে শ্রমিকেরা যাতে সুষ্ঠুভাবে বেতন-ভাতা পান, সে জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্যোক্তারা কষ্ট করে হলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করতে সর্বোচ্চ চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শন কার্যক্রমে ত্রুটি পাওয়ায় ৩৯টি কারখানা বন্ধ হয়ে গেছে। অ্যাকর্ড ও অ্যালায়েন্সের তালিকাভুক্ত বন্ধ কারখানাগুলোর শ্রমিকেরা যাতে প্রাপ্য পাওনা পান, সে জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ হয়ে যাওয়া কিছু কারখানা অর্থের অভাবে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারছিল না, বিজিএমইএর অনুরোধে ব্যাংক সে কারখানাগুলোকে সহযোগিতা করেছে।