৯৫ কোটি ডলার চুরির চেষ্টার কথা স্বীকার বাংলাদেশ ব্যাংকের
অবশেষে বাংলাদেশ ব্যাংক স্বীকার করেছে, যুক্তরাষ্ট্রের ব্যাংকে গচ্ছিত রিজার্ভ থেকে ৯৫ কোটি ১০ লাখ ডলার চুরির চেষ্টা করা হয়েছিল। এ জন্য বাংলাদেশ ব্যাংকের সুইফটের (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন-এসডব্লিউআইএফটি) ‘অথেনটিক’ বার্তা বা সংকেত থেকে ৩৫টি পরামর্শ বা অর্থ পরিশোধের নির্দেশ পাঠানো হয়েছিল ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে। আজ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, ‘সাইবার আক্রমণে ৩৫টি ভুয়া পরিশোধ নির্দেশের ৯৫ কোটি ১০ লাখ মার্কিন ডলারের মধ্যে ৩০টি নির্দেশের ৮৫ কোটি ডলার বেহাত হওয়া শুরুতেই প্রতিহত করা গেছে। অবশিষ্ট ১০ কোটি ১০ লাখ ডলারের মধ্যে দুই কোটি ডলার এরই মধ্যে ফেরত আনা গেছে। বাকি ৮ কোটি ১০ লাখ ডলার (প্রায় ৬৩৫ কোটি টাকা) ফেরত আনার প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।’
বাংলাদেশ ব্যাংক আগেই জানিয়েছিল, নিউইয়র্কের ব্যাংক থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে শ্রীলঙ্কা ও ফিলিপাইনে স্থানান্তরিত হয়েছে। শ্রীলঙ্কায় স্থানান্তর হওয়া দুই কোটি ডলার ফেরত আনা হয়েছে। ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার ফেরত আনার চেষ্টা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের সূত্রের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার ‘প্রথম আলো’তে ৩৫টি পরামর্শে প্রায় ৯৫ কোটি ডলার চুরির চেষ্টার কথা লেখা হয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক তা স্বীকার করেছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সাইবার আক্রমণের ঘটনায় হারানো তহবিলের অঙ্ক নিয়ে কোনো কোনো মহলে অতিরঞ্জিত তথ্য প্রচার করা হচ্ছে।
অারও পড়ুন :-
অর্থ চুরির তদন্তে মার্কিন প্রতিষ্ঠান ফায়ারআই