রানা প্লাজা ধসের পর আয়ারল্যান্ডভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্কের প্রতিশ্রুত দীর্ঘমেয়াদি ক্ষতিপূরণের ৯৫ শতাংশ পেয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। ধসে যাওয়া ভবনের তৃতীয় তলায় থাকা নিউ ওয়েব বটম থেকে পোশাক তৈরি করাত প্রাইমার্ক।
আর ২২ দিন পর ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনার দুই বছর পূর্ণ হতে যাচ্ছে। ২০১৩ সালের ওই দিন সকালে ভবনটি ধসে পড়ে। এতে পাঁচ কারখানার ১ হাজার ১৩৬ পোশাকশ্রমিক নিহত হন। আহত হন কয়েক শতাধিক শ্রমিক।
প্রাইমার্ক গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। এতে বলা হয়, নিউ ওয়েব বটমের ৬৬৮ জন শ্রমিক ও তাদের পরিবার এটি পেয়েছে। সব মিলিয়ে ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে দীর্ঘমেয়াদি ক্ষতিপূরণের জন্য দেওয়া হয়েছে ১ কোটি ১০ লাখ ডলার। এ অর্থ ব্র্যাক ব্যাংক ও বিকাশের মাধ্যমে ভুক্তভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এসব অর্থ গত ১২ মাসে বিতরণ করা হয়েছে। প্রাইমার্কের পক্ষ থেকে রানা প্লাজার কারখানাগুলোতে কর্মরত ৩ হাজার ৬৩৯ জন শ্রমিককে নয় মাসের মজুরি দেওয়া হয়।
বাকি ক্ষতিপূরণের বিষয়ে প্রাইমার্কের বক্তব্য, অল্প সংখ্যক ব্যক্তিকে ক্ষতিপূরণের অর্থ দেওয়া সম্ভব হয়নি। কারণ, তারা মাত্র কয়েক দিন আগে প্রক্রিয়াটি শুরু করেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার নেতৃত্বে গঠিত রানা প্লাজা সমন্বয় কমিটির মাধ্যমে দাবিনামা পূরণ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতির পরিমাণ ও তাঁর ওপর নির্ভরশীল সদস্যদের সংখ্যা বিবেচনা করে কমিটি ক্ষতিপূরণের অঙ্কটি নির্ধারণ করে। সে অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ দিয়েছে প্রাইমার্ক।
জানতে চাইলে সমন্বয় কমিটির সদস্য সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, নিউ ওয়েব বটমের নিহত ২৮ শ্রমিকের পরিবারের সদস্যরা এখনো প্রমাণপত্র দেখাতে না পারায় তাদের ক্ষতিপূরণ দেওয়া যায়নি।