৯৭ হাজার কোটি টাকার এডিপি চূড়ান্ত
২০১৫-১৬ অর্থবছরের জন্য ৯৭ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া দেশের মানুষের মাথাপিছু আয় ১ হাজার ৩১৪ ডলারে পৌঁছেছে। খবর বাসসের।
স্বায়ত্তশাসিত সংস্থা অথবা করপোরেশনের নিজস্ব অর্থায়ন বাদে মোট ৯৭ হাজার কোটি টাকা বরাদ্দের মধ্যে স্থানীয় মুদ্রা ৬২ হাজার ৫০০ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৩৪ হাজার ৫০০ কোটি টাকা। সভায় পরিকল্পনা কমিশন থেকে এ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ৯২ হাজার ৫০০ কোটি টাকার প্রস্তাব করা হয়। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রী অতিরিক্ত ৪ হাজার ৫০০ কোটি টাকার বরাদ্দ দেন।
পদ্মাসেতুর গুরুত্ব বিবেচনায় পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। বিদ্যুৎ খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ, ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ খাতে তৃতীয়, শিক্ষা ও ধর্ম খাতে চতুর্থ এবং স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবারকল্যাণ খাতে পঞ্চম সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়।
এ বছর জিডিপি অর্জন ৬.৫১
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিক সম্মেলনে বলেন, এ বছর জিডিপি অর্জন ৬ দশমিক ৫১ শতাংশ। আশা করেছিলাম জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে। প্রথম ছয় মাস ঠিক ছিল। পরবর্তীতে জ্বালাও-পোড়াও রাজনীতির কারণে ৭ শতাংশ অর্জন করা সম্ভব হয়নি। এ জন্য তিনি দেশের কৃষক, শ্রমিক, চালকসহ সকল পেশাজীবী মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। হরতাল অবরোধেও বেসরকারি খাত ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ায় তাদের ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছরে মোট জিডিপির মধ্যে কৃষি খাতের অবদান ১৫ দশমিক ৫৯, শিল্প খাতের ২৭ দশমিক ৯৮ এবং সেবা খাতের অবদান ৫৬ দশমিক ৪২ ভাগ।
আ হ ম মুস্তাফা কামাল আরও জানান, বর্তমানে দেশে জিডিপির তুলনায় বিনিয়োগ ২৮ দশমিক ৯৯ ভাগ। এর মধ্যে সরকারি বিনিয়োগ ৬ দশমিক ৬ ভাগ এবং বেসরকারি বিনিয়োগ ২২ দশমিক ৩৯ ভাগ। গত বছর জিডিপির তুলনায় বিনিয়োগ ছিল ২৮ দশমিক ৫৮ ভাগ।
মাথাপিছু আয় ১৩১৪ ডলারে
বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ১ হাজার ৩১৪ ডলারে পৌঁছেছে। পরিকল্পনা মন্ত্রী বলেন, এখন আমাদের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ মার্কিন ডলারে। গত বছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ১৯০ মার্কিন ডলার।
জুন ২০১৫ এর মধ্যে যেসব প্রকল্প শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ হবে না এরূপ মেয়াদোত্তীর্ণ প্রকল্পকে তারকা চিহ্ন দিয়ে এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সব প্রকল্পের মেয়াদকাল বৃদ্ধি ছাড়া অর্থ ছাড় ও ব্যয় করা যাবে না। এ বছর এডিপিতে এমন প্রকল্পের সংখ্যা ২০৯ টি।
এ বছর এডিপিতে সম্ভাব্য সমাপ্য প্রকল্পের সংখ্যা ৩২৪ টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ২৮১ টি, কারিগরি সহায়তা প্রকল্প ৪১ টি, জেডিসিএফ অর্থায়িত প্রকল্প ২ টি। এ বছর এডিপিতে পিপিপি প্রকল্প সংখ্যা ৪০ টি।
বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।