৯৯ শতাংশ কারখানায় বেতন-বোনাস দেওয়ার দাবি বিজিএমইএর
পোশাক শিল্পের প্রায় ৯৯ শতাংশ কারখানায় ঈদের বেতন-বোনাস দেওয়া হয়েছে বলে দাবি করেছে তৈরি পোশাক শিল্পের মালিকদের প্রতিষ্ঠান বিজিএমইএ। সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম বলেন, কোনো রকমের বড় ঝামেলা ছাড়াই এই বেতন-বোনাস দেওয়া সম্ভব হয়েছে।
এ শিল্পে কাজ করছে ৪৪ লাখ শ্রমিক।
ঈদুল ফিতর-কে সামনে রেখে আজ বৃহস্পতিবার ‘রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বর্তমান শ্রম পরিস্থিতি’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান। এতে বলা হয়, বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শ্রম অসন্তোষ হতে পারে এ রকম ১ হাজার ৫০০ ছোট ও মাঝারি আকারের কারখানাকে ক্লোজ মনিটরিং এর আওতায় আনা হয়েছিল। ধরন বুঝে এসব কারখানায় সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল বুধবার পর্যন্ত দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জুন মাসের বেতন পরিশোধ করা হয়েছে ৯৯ শতাংশ কারখানায়। আর ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে ৯৫ শতাংশ কারখানায়। জুলাই মাসের সাত থেকে ১০ দিনের বেতন পরিশোধ করেছে ৬৭ শতাংশ কারখানা। চারটি (সোয়ান গার্মেন্টস ছাড়া) কারখানায় বেতন-ভাতা পরিশোধ প্রক্রিয়াধীন আছে বলে জানানো হয়। এ ছাড়া, সোয়ান গার্মেন্টস কারখানার বিষয়ে একটি পৃথক প্রতিবেদন দেওয়া হয়।
বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম ঈদে বাড়ি ফেরা নিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিভিন্ন রুটে চলাচলকারী বাস, ট্রেন ও লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী বহন না করে সে ব্যাপারে নজরদারি জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।