৯৯৯ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৯৯৯ কোটি টাকার আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সব প্রকল্পই সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরে এনইসির সম্মেলন কক্ষে একনেকের সভাটি অনুষ্ঠিত হয়।একনেকের সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো: কৃষি মন্ত্রণালয়ের অধীনে ২৭১ কোটি টাকার পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও জয়পুরহাট সমন্বিত উন্নয়ন প্রকল্প; স্থানীয় সরকার বিভাগের অধীনে ৭৩ কোটি টাকার জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণ প্রকল্প; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ৪৩ কোটি টাকার অবশিষ্ট ৪১ জেলায় ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজিংওয়্যারিং; ৫৫টি জেলায় ইলেকট্রনিকস ও ৫৫টি জেলায় রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ (তৃতীয় সংশোধিত) প্রকল্প; ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৭১ কোটি টাকার মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (তৃতীয় পর্যায়) প্রকল্প; সড়ক ও রেলপথ বিভাগের অধীনে ৩৯ কোটি টাকার মাস্টারবাড়ী-মির্জাপুর-পিরুজালী-নুহাশ পল্লী-মাওনা সড়ক উন্নয়ন প্রকল্প; ১১৭ কোটি টাকার ভোমরা স্থলবন্দর সংযোগসহ সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প; স্থানীয় সরকার বিভাগের অধীনে ৭০ কোটি টাকার খিলগাঁও ফ্লাইওভারের লুপ নির্মাণ (সায়েদাবাদ প্রান্তে) প্রকল্প এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৩১৫ কোটি টাকার উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আইলার আঘাতে ক্ষতিগ্রস্ত বাপাউবোর অবকাঠামোগুলোর পুনর্বাসন (দক্ষিণ-পশ্চিমাঞ্চল) প্রকল্প।সভা শেষে প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার ও পরিকল্পনাসচিব মনজুর হোসেন।